ফোল্ডেবল ফোন কেনার আগে যা জানা জরুরি, জেনেনিন ৫ টি গুরুত্বপূর্ণ বিষয়

ফোল্ডেবল স্মার্টফোন এখন প্রযুক্তিপ্রেমীদের কাছে এক নতুন এবং আকর্ষণীয় ট্রেন্ড। একদিকে এটি স্মার্টফোনের কার্যকারিতা দেয়, অন্যদিকে ভাঁজ খুলে এটি ট্যাবলেটের মতো বড় স্ক্রিনের অভিজ্ঞতা দিতে সক্ষম। তবে এই অত্যাধুনিক ও দামি ডিভাইসটি কেনার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভালোভাবে বিবেচনা করা জরুরি।

কেন কিনবেন ফোল্ডেবল ফোন? শখ নাকি কাজের প্রয়োজন?
প্রথমেই নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি ফোল্ডেবল ফোন কেন কিনছেন? এটি কি কেবল শখের জন্য, নাকি আপনার দৈনন্দিন কাজে এর কোনো বাস্তব উপযোগিতা আছে? যারা প্রচুর মাল্টিটাস্কিং করেন—যেমন অফিসের জটিল কাজ, ট্রেডিং, ভিডিও এডিটিং বা প্রেজেন্টেশন তৈরি—তাদের জন্য ফোল্ডেবল ফোন দারুণ উপযোগী হতে পারে। বড় স্ক্রিনে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো এবং নিরবচ্ছিন্নভাবে কাজ করা অনেক সহজ হয়।

অন্যদিকে, যারা শুধুমাত্র স্টাইল বা ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ফোন কিনতে চান, তাদের জন্য ফ্লিপ ফোন ভালো পছন্দ হতে পারে। এগুলোর ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় এবং সহজে ভিডিও বা সেলফি তোলা যায়। তবে মনে রাখা দরকার, ফ্লিপ ফোনগুলো মূলত ফ্যাশনের জিনিস, দৈনন্দিন ভারী কাজের জন্য সবসময় উপযোগী নাও হতে পারে।

মেরামতের উচ্চ খরচ: একটি বড় চিন্তার কারণ
ফোল্ডেবল ফোন ভেঙে গেলে বা এর স্ক্রিন নষ্ট হলে মেরামতের খরচ সাধারণ স্মার্টফোনের চেয়ে অনেক বেশি। এর স্ক্রিন বা অন্য কোনো যন্ত্রাংশ নষ্ট হলে তা পাল্টাতে ফোনের প্রায় এক-তৃতীয়াংশ থেকে অর্ধেক দাম পর্যন্ত লাগতে পারে। কারণ এর যন্ত্রাংশগুলো বিশেষ ধরনের এবং খুবই সংবেদনশীল, যা শুধুমাত্র অফিসিয়াল সার্ভিস সেন্টারেই ঠিক করা যায়। তাই ফোল্ডেবল ফোন কেনার সময় থেকেই মেরামতের জন্য একটি আলাদা বাজেট রাখার কথা ভাবা বুদ্ধিমানের কাজ।

অ্যাপ কম্প্যাটিবিলিটি ও অপটিমাইজেশনের সমস্যা
বর্তমানে সব অ্যাপ এখনো ফোল্ডেবল স্ক্রিনে ঠিকভাবে চলে না। ফোন ভাঁজ খুলে বড় স্ক্রিনে ভিডিও দেখলে ওপর-নিচে কালো বর্ডার দেখা যেতে পারে, আবার জুম করলেও ভিডিওর কিছু অংশ কেটে যেতে পারে। যদিও গুগল এবং অন্যান্য প্রযুক্তি সংস্থা ডেভেলপারদের এই সমস্যাগুলো ঠিক করতে এবং ফোল্ডেবল স্ক্রিনের জন্য অ্যাপ অপটিমাইজ করতে উৎসাহ দিচ্ছে, তবুও এখনো অনেক জনপ্রিয় অ্যাপ সঠিকভাবে অপটিমাইজড নয়, যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে।

ওজন, পুরুত্ব এবং ব্যাটারির সীমাবদ্ধতা
বুক-স্টাইল ফোল্ডেবল ফোনগুলো সাধারণত মোটা ও ভারী হয়। যারা এক হাতে ফোন ব্যবহার করতে অভ্যস্ত বা পকেটে ফোন রাখতে পছন্দ করেন, তাদের জন্য এগুলো কিছুটা অসুবিধাজনক হতে পারে। ফোনের সঙ্গে কেস ব্যবহার করলে ওজন ও পুরুত্ব আরও বেড়ে যায়।

এছাড়াও, ব্যাটারি ফোল্ডেবল ফোনের একটি বড় সমস্যা। ফোন ভাঁজযোগ্য হওয়ায় ভেতরের যন্ত্রাংশগুলো বেশি জায়গা নেয়, ফলে অপেক্ষাকৃত ছোট বা কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে হয়। এতে চার্জ দ্রুত শেষ হয়ে যায়, যা দীর্ঘক্ষণ ব্যবহারের ক্ষেত্রে একটি বড় সীমাবদ্ধতা। ভবিষ্যতে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তির মতো উদ্ভাবন এই সমস্যার সমাধান করতে পারে বলে আশা করা যায়।

ফোল্ডেবল ফোনগুলো নিঃসন্দেহে প্রযুক্তির একটি আকর্ষণীয় অগ্রগতি, তবে এর উচ্চ মূল্য, মেরামতের খরচ এবং কিছু ব্যবহারিক সীমাবদ্ধতা কেনার আগে অবশ্যই বিবেচনায় রাখা উচিত।