“আমি পুলিশকে বলব কোনও জঙ্গি যেন না ঢোকে” ভারত-পাক সংঘাতের আবহে উত্তরবঙ্গের নিরাপত্তায় জোর! কড়া নির্দেশ মমতার

ভারত-পাকিস্তানের সংঘাত পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে উত্তরবঙ্গের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পুলিশকর্তাদের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যায় আটটি জেলার পুলিশকর্তা ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, “আমি পুলিশকে বলব কোনও জঙ্গি যেন না ঢোকে।”

মুখ্যমন্ত্রী আরও জানিয়ে দেন যে, ‘অথোরাইজেশন’ ছাড়া কাউকে কোনও তথ্য দেওয়া যাবে না। তিনি বলেন, “এইরকম অনেকে ধরা পড়ছে। ডায়মন্ড হারবার, মালদা, মুর্শিদাবাদ থেকে ধরা পরছে। চোখ, কান খোলা রেখে কাজ করতে হবে।” সম্প্রতি পাক-চর ইউটিউবার জ্যোতি মালহোত্রার গ্রেফতারির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “দেশে যখনই এই ধরনের দেশবিরোধী গতিবিধি হয় তখনই তারা পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। আল কায়দা, পাঞ্জাবের জঙ্গি, সিমি, জামাত মডিউল। সবাই এখানে চলে আসে। এখান থেকে আধার কার্ড, রেশন কার্ড বানিয়ে অন্য রাজ্যে গিয়ে উৎপাত করে। যা কিছু দেশবিরোধী তার সঙ্গে বাংলার লিঙ্ক জুড়ে যায়। এখানকার সরকার এই ধরনের দেশবিরোধী শক্তিকে এখানে শেল্টার দেয়। একটা মেসেজ দিয়ে দেওয়া হয়, আমরা আছি। এসো তোমরা।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির সংবেদনশীলতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “চার-পাঁচটা দেশের বর্ডার আছে। আপনাদের জায়গাগুলো খুব সেনসিটিভ। আপনাদের কাজটা মন দিয়ে করতে হবে।” পুলিশকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও জানান, “আগে পুলিশরা তিন-চারবার ঘুরত, এখন ঘোরেই না। বর্ডার এরিয়া খুব সেনসিটিভ। অনেক রকম পরিকল্পনা চলছে। বিএসএফ দায়িত্বে আছে বলে আইসি-রা চোখ বন্ধ করে থাকতে পারে না। পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন।” নকল টাকার কারবার নিয়ন্ত্রণ নিয়েও এদিন মুখ্যমন্ত্রী মন্তব্য করেন।

বৈঠকে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতিতে উত্তরবঙ্গ কীভাবে মোকাবিলা করবে, সে বিষয়েও আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, “তিনটে জেলা এখানে আছে। পাঁচটি জেলা ভার্চুয়াল আছে। আজকের মিটিংটা সাইক্লোন প্রোন এরিয়া, ঝড়, বৃষ্টি, চিকেনস নেক এই সব বিবেচনা করে আজকের আলোচনা।” তিনি প্রশাসনিক দায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, “কোনও অশান্তিতে সব থেকে ভোগে সাধারণ মানুষ। প্রশাসনিক দায়িত্ব সবকিছু ভালোভাবে করার জন্য কাঁধে কাঁধ রেখে সমন্বয় রেখে চলতে হবে। সোশ্যাল নেটওয়ার্ক এর ব্যাপারে সচেতন রাখুন। যাতে কোনো উত্তেজনার পরিবেশ তৈরি করতে না পারে।”

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা এবং নির্দেশিকা ভারত-পাকিস্তান সংঘাতের আবহে উত্তরবঙ্গের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।