বিপদ পিছু ছাড়ছে না, জামিন আবদার মঞ্জুর না হওয়ায়, কারাগারে ঠাঁই অভিনেত্রী নুসরাত

যেন বিপদ পিছু ছাড়ছে না জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়ার। খুনের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় রবিবার গ্রেফতার হয়েছেন তিনি। সোমবার আদালতে জামিনের আবেদন করলেও তা মেলেনি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ফলে আপাতত জেলেই থাকতে হচ্ছে এই অভিনেত্রীকে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২২ মে।

সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ নুসরত ফারিয়াকে আদালতে হাজির করে। কিন্তু এদিন তার জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এই প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নুসরত ফারিয়ার নামে মামলা ছিল বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তবে তাকে মুক্তি দেওয়া হবে।

কী অভিযোগ নুসরতের বিরুদ্ধে?

অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মতে, নুসরত ফারিয়ার গ্রেফতারি ঘটনাটি বেশ বিব্রতকর। তিনি উল্লেখ করেন যে, গত বছরের জুলাইয়ের হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার করাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। ANI সূত্রে জানা খবর অনুযায়ী, নুসরতের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি গত বছরের জুলাই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত। সেই সময় অভিনেত্রীর বিরুদ্ধে উস্কানি এবং খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছিল। ভাটারা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিমানবন্দরে গ্রেফতার হন অভিনেত্রী

রবিবার দুপুরে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরত ফারিয়াকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিমানবন্দরের অভিবাসন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। সূত্রের খবর অনুযায়ী, থাইল্যান্ডের উদ্দেশে পাড়ি দেওয়ার সময়েই তিনি আটক হন। বিমানবন্দর থেকে প্রথমে তাকে থানায় এবং পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা অফিসে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় নুসরত ফারিয়ার ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের পাশাপাশি এপার বাংলা অর্থাৎ টলিউডেও কাজ করেছেন তিনি। তাই এই গ্রেফতারির প্রভাব টলিউডেও পড়তে শুরু করেছে।