উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনে রসিকতা মুখ্যমন্ত্রীর, দয়নকে রসগোল্লা খাওয়ানোর প্রস্তাব মমতার

উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে এক হালকা মেজাজের ছবি দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর মধ্যে। নিজের স্বভাবসিদ্ধ বেফাঁস মন্তব্যের জন্য প্রায়শই দলের অস্বস্তির কারণ হয়ে ওঠা উদয়ন গুহকে এদিন তার বক্তব্যের জন্য কার্যত ‘পুরস্কার’ হিসেবে রসগোল্লা খাওয়ানোর প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। বাম আমলে দাপুটে ফরওয়ার্ড ব্লক মন্ত্রী কমল গুহ’র পুত্র উদয়ন এখন কোচবিহারে তৃণমূলের এক বড় ভরসা। তবে তার মন্তব্যের জেরে যে দলনেত্রী মাঝেমাঝে সমস্যায় পড়েন, সে কথা উদয়ন নিজেই স্বীকার করেছেন।
সোমবার উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলনের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে উদ্দেশ্য করে হঠাৎ বলে ওঠেন, “উদয়নকে বলি, তুমি এটা কিন্তু ভেবো না এটা দিনহাটা।” মুখ্যমন্ত্রীর ইঙ্গিত বুঝতে পেরেই উদয়ন গুহ মাইকের সামনে এসে মমতাকে উদ্দেশ্য করে বলেন, “আমি দুর্মুখ বলে আমায় দিদি একটু ভয় পায়।” তার কথা শুনে মমতা তৎক্ষণাৎ উত্তর দেন, “আমি কাউকে ভয়-টয় পাই না।” উদয়ন পাল্টা বলেন, “আমার মুখের জন্য।” মমতা পুনরায় বলেন, “না, তোমার মুখকেও আমি ভয় পাই না।”
মুখ্যমন্ত্রী ফের রসিকতা করে বলেন, “তোমারে কইয়া দিলাম, এটা দিনহাটা নয়।” এরপর উদয়ন গুহ উত্তরবঙ্গের শিল্পোন্নয়ন প্রসঙ্গে বলেন, “দিদি আপনি ওদের (প্রশাসনিক কর্তাদের) কত সাহায্য করেন। ঠিক পাল্টা যদি ওনারাও আপনাকে এই সাহায্যটা করত, তাহলে বোধহয় আরও ভাল হত আমাদের। আসলে আপনাকে ধরে রাখতে পারলে, আপনার পরামর্শ শুনলে শিল্প হবে, উত্তরবঙ্গ এগোবে। কিন্তু এই জায়গাটায় একটু ঘাটতি আছে, সেটা ওদের একটু ভাবতে হবে।”
উদয়নের বক্তব্য শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজেই পুরো বিষয়টি হালকা করে দেন। তিনি বলেন, “এই যে দুর্মুখ বলেছো না, কথাটা যথার্থ ব্যাখ্যা। কিন্তু আজ ও (উদয়ন গুহ) বেশ ভাল কথা বলেছে। পজেটিভ কথা বলেছে। আমার সাপোর্ট তোমাদের সঙ্গে সব সময় থাকবে। কাজ কর, ভাল কাজ করো। ওরা আমার পরিবারের সদস্য।” এরপর ভাল বক্তৃতার জন্য উদয়ন গুহকে উদ্দেশ্য করে মজা করে মমতা বলেন, “ভাল বলার জন্য উদয়নকে একটা রসগোল্লা খাইয়ে দেওয়া হবে।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সকলেই হেসে ফেলেন।