টিটাগড়ে তৃণমূল কাউন্সিলারের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যুর খবর না মিললেও, আতঙ্কিত এলাকাবাসি

রবিবার সাত সকালে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়ের ৪ নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ আবাসনের বাজার সংলগ্ন এলাকা। আবাসনের ওপরের একটি বন্ধ ফ্ল্যাটে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ফ্ল্যাটটির দেওয়াল সম্পূর্ণভাবে খসে পড়ে। এর পাশের একটি বাড়ির চাল উড়ে যায় এবং আশেপাশের অন্তত তিন থেকে চারটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। এই শক্তিশালী বিস্ফোরণে পুরো এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। টিটাগড় থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এই ঘটনায় কোনও প্রাণহানির খবর নেই, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিস্ফোরণটি কি বোমা থেকেই হয়েছে নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রে খবর, যে ফ্ল্যাটে বিস্ফোরণ হয়েছে সেটি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমরান মন্ডলের।

বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে ওই কাউন্সিলর আমরান মন্ডল দাবি করেছেন যে, কীভাবে বিস্ফোরণ হয়েছে তা তিনি জানেন না। তাঁর আশঙ্কা, কেউ তাকে ফাঁসানোর জন্য চক্রান্ত করে এই ঘটনা ঘটাতে পারে। তিনি পুলিশের তদন্তের উপর সম্পূর্ণ আস্থা রাখছেন বলেও জানিয়েছেন।

এদিন বিস্ফোরণের খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ এবং অন্যান্য কাউন্সিলররা। এলাকার বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দ্রুত বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।