‘মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়!’ উদয়নকে প্রকাশ্যে সতর্কবার্তা মমতার

লোকসভা নির্বাচনে কোচবিহার পুনরুদ্ধার করে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু দলেরই এক গুরুত্বপূর্ণ নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ’র জন্য বার বার বিড়ম্বনায় পড়তে হচ্ছে শাসক দলকে। এর প্রধান কারণ হলো তাঁর প্রায়শই বেফাঁস মন্তব্য। বিরোধী শিবিরকে হুমকি দেওয়া থেকে শুরু করে আর জি কর হাসপাতালের মতো সংবেদনশীল বিষয়েও মন্তব্য করে উদয়ন গুহ দলের অস্বস্তি বাড়িয়েছেন।
এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে গিয়ে শিলিগুড়িতে এক বণিকসভার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে কিছুটা হলেও সতর্ক করে দিলেন। উদয়ন গুহর উদ্দেশ্যে তিনি বলেন, “মনে রেখো, এটা কিন্তু দিনহাটা নয়।” মুখ্যমন্ত্রীর ইঙ্গিত বুঝতে পেরে উদয়নও স্বীকার করেন যে তিনি ‘দুর্মুখ’ বলেই হয়তো দলনেত্রী তাকে ভয় পাচ্ছেন।
উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী সেদিন শিলিগুড়িতে বণিকসভার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা শোনেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়নে এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরিতে কী কী পদক্ষেপ নিয়েছে, তাও তিনি বিশদে তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী রাজ্যের তিন মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক এবং উদয়ন গুহকে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে বলেন।
তিন মন্ত্রীর মধ্যে সবার শেষে বলার সুযোগ পান উদয়ন গুহ। তিনি আসন ছেড়ে মাইক্রোফোনের দিকে এগিয়ে যেতেই মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন, ‘মনে রেখো, এটা কিন্তু দিনহাটা হয় না।’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্বভাবতই কিছুটা অস্বস্তিতে পড়ে যান উদয়ন। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় তিনি হেসে বলেন, ‘আমি দুর্মুখ বলেই হয়তো দিদি আমাকে ভয় পাচ্ছেন।’ এই কথা শুনে মুখ্যমন্ত্রী দ্রুত উত্তর দেন, ‘আমি কাউকে ভয় পাই না।’
এরপর কথা আর না বাড়িয়ে উদয়ন গুহ তার বক্তব্যে বলেন, ‘এখানে উপস্থিত সবাই আপনার কাজের প্রশংসা করছেন। সবাই স্বীকার করেছেন যে ব্যবসা করার ক্ষেত্রে আপনি কীভাবে তাদের সাহায্য করেছেন। তবে এই সাহায্য যদি ওনাদের দিক থেকেও আসে, তাহলেই উত্তরবঙ্গের ঠিকঠাক উন্নতি হবে।’
উদয়নের বক্তব্য শেষে অবশ্য পুরো বিষয়টি হালকা করে দেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি হাসিমুখে বলেন, ‘আজকে তো সব ইতিবাচক কথা বলেছে। ওকে একটা রসগোল্লা খাইয়ে দেও, যাতে আরও মোটা হতে পারে।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে সেখানে উপস্থিত সকলেই হেসে ফেলেন।