ঘরে-বাইরে বিপদ! “পরিস্থিতি ঘোলাটে না করে….”, ইউনূসকে চরম হুঁশিয়ারি বিএনপি-র!

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস বর্তমানে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে পড়েছেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের দাবিতে তার উপরে চাপ সৃষ্টি করছে। এবার চরম হুঁশিয়ারি দিয়ে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণার বার্তা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি এই বার্তা দিয়েছেন।
অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার প্রায় ৬ মাস পর থেকেই বাংলাদেশে নতুন নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই নির্বাচন নিয়ে বারবার টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। যদিও রাজনৈতিক দলগুলির চাপের মুখে পড়েই অন্তর্বর্তী সরকার সম্প্রতি জানিয়েছিল যে চলতি বছরের শেষভাগে বা ২০২৬ সালের জুন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হতে পারে।
এবার বিএনপি নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে চরম হুঁশিয়ারি দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিয়ে বলেছেন, “পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন।” তারেক রহমান আরও বলেন, “গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে, স্বৈরাচার মোকাবিলা করা যাবে না“। বিএনপি লোভ আর লাভের প্রলোভন মুক্ত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি করেছে এবং বলেছে, “আগামিদিনে আর কোনও স্বৈরাচার, ফ্যাসিবাদ যাতে প্রতিষ্ঠা না হতে পারে, তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই সঠিক সময়।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও এই প্রসঙ্গে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, “যদি কোনওদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হয়, তা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। এই নির্বাচনের জন্য আপনার (ইউনূস) সঙ্গে কোনও দ্বিধা-দ্বন্দ্ব হোক, তা চাই না।” তিনি সরাসরি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার দাবি জানিয়েছেন।
সব মিলিয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন ঘোষণার দাবিতে রাজনৈতিক দলগুলির, বিশেষ করে বিএনপির, প্রবল চাপের মুখে পড়েছে। এই পরিস্থিতি আগামী দিনগুলোতে কী মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।