গরমে হাঁসফাঁস রাজ্য! অস্বস্তি কমাতে ঝেঁপে আসছে বৃষ্টি, জানুন আবহাওয়ার বড় আপডেট

জ্যৈষ্ঠ মাসের শুরুতেই তীব্র গরমের দাপটে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি আর গরমে ঘেমেনেয়ে একাকার হচ্ছেন সকলে। ঘর থেকে বেরোলেই যেন গরমে জ্বালা ধরে যাচ্ছে শরীরে। এই অসহনীয় পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে, সেই অপেক্ষায় যখন রাজ্যবাসী, তখনই আলিপুর আবহাওয়া অফিস কিছুটা আশার খবর শুনিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত সময়ের আগেই বাংলায় প্রবেশ করতে চলেছে এবং এর প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ইতিমধ্যেই মৌসুমী বায়ু ঢুকে পড়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকাতেও মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশ এবং উত্তর বঙ্গোপসাগরে আরও এগিয়ে যাবে। এই পরিস্থিতি রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও কমতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর থেকে অস্বস্তি বাড়তে পারে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের, যা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলী জেলাতে ঝড় বৃষ্টির দাপট অপেক্ষাকৃত বেশি থাকতে পারে, যেখানে বাতাসের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতাতেও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে আগাম পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এই পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে ওপরের পাঁচ জেলাতে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে সোমবার পর্যন্ত উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে।

সব মিলিয়ে, জ্যৈষ্ঠের শুরুতেই গরমের অস্বস্তি থাকলেও সপ্তাহজুড়ে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনায় কিছুটা স্বস্তি মেলার আশা করছেন সাধারণ মানুষ। মৌসুমী বায়ুর দ্রুত এগোনোয় নির্ধারিত সময়ের আগেই বঙ্গে বর্ষার প্রবেশ হতে পারে বলেও মনে করা হচ্ছে।