চারমিনারের পাশে ঐতিহাসিক গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২ শিশু-সহ ১৬

তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের অন্যতম ঐতিহাসিক স্থান চারমিনারের সামনে অবস্থিত ঐতিহাসিক গুলজার হাউসের প্রথম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রবিবার) সকালে লাগা এই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের, যার মধ্যে দুই শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ গুলজার হাউসের প্রথম তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ। একে একে দমকলের মোট ১১টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা এবং পুলিশ প্রশাসন উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে। আগুনের গ্রাস থেকে আহতদের দ্রুত উদ্ধার করে ওসমানিয়া, যশোদা (মালাকপেট), ডিআরডিও এবং অ্যাপোলো সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে দুর্ভাগ্যবশত, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই বা ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় অন্তত ১৬ জনের। মৃতদের মধ্যে রয়েছে দুটি শিশুও। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তবে দুর্ঘটনার আসল কারণ জানতে পুলিশ ও দমকল বিভাগ একটি বিস্তারিত তদন্ত শুরু করেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহাসিক এই স্থাপত্যের কোনো ক্ষতি হয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য রয়েছে।