কাশ্মীরে কাপুরুষের মতো লুকোচ্ছে জঙ্গি, দেখামাত্রই খতম করল সেনা, দেখেনিন ভিডিও

জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযানে বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। সোপিয়ান, ত্রাল-সহ উপত্যকার বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত তিন দিনে মোট ছয় জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালেই খতম হয়েছে আরও তিন জঙ্গি।

বৃহস্পতিবার ভোরে দক্ষিণ কাশ্মীরের অবন্তীপুরার নির্দিষ্ট স্থানে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে সেনাবাহিনী। বেশ কিছুক্ষণের তীব্র সংঘর্ষের পরেই নিরাপত্তা বাহিনী তিন জঙ্গিকে খতম করতে সক্ষম হয়।

এই অভিযানের মাঝেই একটি ড্রোন ক্যামেরার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (তবে এই সময় অনলাইন ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োটিতে দেখা গেছে, সেনার হাত থেকে প্রাণে বাঁচতে কী ভাবে একজন জঙ্গি একটি নির্মীয়মান বাড়ির নিচে লুকিয়ে থাকার চেষ্টা করছে। একটি কংক্রিটের স্তম্ভের আড়ালে ভাঙা শেডের নিচে অ্যাসল্ট রাইফেল হাতে লুকিয়ে ছিল সে। তবে তার এই লুকানোর চেষ্টা ব্যর্থ হয়। সেনাবাহিনীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সেই জঙ্গি।

সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পরেই উপত্যকায় স্থানীয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে সেনাবাহিনী। পহেলগাম হামলার পর ১৪ জন স্থানীয় জঙ্গির একটি তালিকা তৈরি করা হয়েছিল। সেনা অভিযানে এই ১৪ জনের মধ্যে এখনও পর্যন্ত ৬ জনকে নিকেশ করা সম্ভব হয়েছে এবং বাকিদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাব্য জায়গায় গোপন সূত্রে খবর পেয়েই এই ধরনের অভিযান চালানো হচ্ছে এবং কিছু ক্ষেত্রে স্থানীয় জঙ্গিদের বাড়ি গুঁড়িয়েও দেওয়া হচ্ছে।

দেশের মাটিতে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করে নিকেশ করার লক্ষ্য নিয়ে গত মঙ্গলবার থেকে ‘অপারেশন কেলার’ শুরু করেছে সেনাবাহিনী। এর আগে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মাটিতে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার জন্য ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছিল।

বৃহস্পতিবার অবন্তীপুরার অভিযানে আসিফ আহমেদ শেখ, আমির নাজির ওয়ানি এবং ইয়াওয়ার আহমেদ নামে যে তিন জঙ্গিকে খতম করা হয়েছে, তারা প্রত্যেকেই জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। এর আগে গত মঙ্গলবার শাহিদ কুট্টে, আদনান সফি দার এবং আসান আহমেদ শেখ নাম তিন জনকে নিকেশ করা হয়েছিল। সেনাবাহিনীর এই লাগাতার অভিযান উপত্যকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।