উচ্চশিক্ষার নতুন দিশা! পড়ুয়াদের সুবিধার্থে শুরু হচ্ছে “এডুকেশন ইন্টারফেস ২০২৫”, বিনামূল্যে মিলবে পরামর্শ

সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের পর উচ্চশিক্ষার আঙিনায় পা রাখতে প্রস্তুত রাজ্যের হাজার হাজার পড়ুয়া। জীবনের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে সঠিক শিক্ষা প্রতিষ্ঠান এবং পছন্দের বিষয় বেছে নেওয়া অত্যন্ত জরুরি। এই কাজে ছাত্রছাত্রীদের সহায়তা করতে কলকাতায় আবারও শুরু হতে চলেছে বিশেষ শিক্ষামূলক মেলা – “এডুকেশন ইন্টারফেস ২০২৫”।

‘ক্যারিয়ার প্ল্যানার এডু ফেয়ার’-এর উদ্যোগে আগামী ১৭ মে (শনিবার) থেকে শুরু হয়ে এই তিনদিনব্যাপী মেলা চলবে আগামী ১৯ মে (সোমবার) পর্যন্ত। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই এই মেগা শিক্ষামূলক আয়োজন অনুষ্ঠিত হবে। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ থেকে শুরু করে স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা এই মেলার প্রধান লক্ষ্য।

এই মেলায় ছাত্রছাত্রীরা কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তের সেরা ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ম্যানেজমেন্ট, আইন, ফার্মাসি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের কলেজে ভর্তি প্রক্রিয়া, পড়ার খরচ, প্লেসমেন্টের সুযোগ এবং ক্যাম্পাসিংয়ে আসা কোম্পানিগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য এক ছাদের নিচে জানতে পারবে। যুগের সাথে তাল মিলিয়ে কর্মক্ষেত্রে কোন কোন বিষয়গুলির চাহিদা এখন বৃদ্ধি পাচ্ছে এবং ক্যাম্পাসিংয়ের মাধ্যমে কীভাবে সহজে চাকরি পাওয়া সম্ভব, সে বিষয়েও এখানে গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ উপস্থাপিত করা হবে।

এই মেলার অন্যতম আকর্ষণ হলো, দেশের ১৫০-রও বেশি নামী শিক্ষাপ্রতিষ্ঠান এখানে অংশ নিচ্ছে। এর ফলে পড়ুয়ারা সহজেই তাদের পছন্দের ক্ষেত্র অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তুলনা করার সুযোগ পাবে। ইচ্ছুক ছাত্রছাত্রীরা মেলায় উপস্থিত বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির স্টলে গিয়ে অভিজ্ঞ কাউন্সেলরদের কাছ থেকে বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিংয়ের সুযোগও পেয়ে যাবে।

মেলা চলবে আগামী শনি, রবিবার ও সোমবার সকাল ১১ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্ত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই মেলায় প্রবেশের জন্য কোনো রকম প্রবেশ মূল্য ধার্য করা হয়নি। এই গুরুত্বপূর্ণ মেলার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিম, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রথমসারির শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিক ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

শিক্ষা এবং কেরিয়ার সংক্রান্ত সঠিক পরামর্শের ক্ষেত্রে ‘ক্যারিয়ার প্ল্যানার এডু ফেয়ার’ দীর্ঘদিন ধরে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে, যাদের মূল লক্ষ্যই হল – “আপনার ভবিষ্যৎ, আমাদের দিশা”। এই মেলা আয়োজনের মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের সঠিক পথপ্রদর্শন করে তাদের ভবিষ্যতের পথ মসৃণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।