জওয়ানদের কুর্নিশ জানিয়ে তেরঙা ওড়ালেন অক্ষয় কুমার, প্রশংসা নেটিজেনদের

কাশ্মীরের পহেলগাম হামলার পরে গর্জে উঠেছিলেন, আর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ সাফল্যের পর ‘জয় মহাকাল’ ধ্বনি দিয়ে সেনাবাহিনীর জয়গান গেয়েছিলেন। এবার ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে আবারও দেশের অতন্দ্রপ্রহরী জওয়ানদের উৎসর্গ করে অভিনব এক কাণ্ড ঘটালেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। যেই দেশভক্তির জেরে ভারতীয়দেরও মন জয় করে নিলেন এই বলিউড খিলাড়ি। নিজের এই পদক্ষেপের মাধ্যমে তিনি ফের প্রমাণ করলেন শুধু পর্দায় নয়, বাস্তবেও তিনি একজন ‘সাচ্চা দেশভক্ত’।
সম্প্রতি চলমান ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এবং সীমান্তে জওয়ানদের জীবন বাজি রেখে লড়াইয়ের পরিস্থিতিতে তাদের কুর্নিশ জানিয়ে এক বিশেষ বার্তা দিলেন অক্ষয় কুমার। তিনি তার সমস্ত সোশ্যাল মিডিয়ার প্রোফাইলের ছবিটাই বদলে দিয়েছেন। তার ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল, সর্বত্র উঁকি দিলেই চোখে পড়বে তার ‘ডিপি’ বা ডিসপ্লে পিকচারে জ্বলজ্বল করতে থাকা ভারতের জাতীয় পতাকা ‘তেরঙা’। জওয়ানদের প্রতি সম্মান জানাতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরই অক্ষয় কুমার দীর্ঘ প্রতীক্ষার পর ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন এবং তার কাছ থেকে ‘কানাডিয়ান কুমার’ তকমা ঘুচেছে। দেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য তাকে কম কাঠখড় পোহাতে হয়নি এবং দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষা করতে হয়েছিল। তবে ভারতীয় পরিচয়পত্র না থাকলেও বলিউডের পর্দায় বরাবর দেশমাতৃকার জন্য নিজেকে সঁপে দিয়েছেন অক্ষয় কুমার।
বলিউডে দেশাত্মবোধক সিনেমা তৈরি হলেই বর্তমানে নির্মাতাদের প্রথম পছন্দ থাকেন অক্ষয় কুমার। রগরগে অ্যাকশনের বাইরে গিয়ে এযাবৎকাল একাধিক দেশপ্রেমের গাথায় ‘হিরো’ হিসেবে নিজেকে তুলে ধরেছেন তিনি। ‘মিশন মঙ্গল’, ‘কেশরী’, ‘স্কাই ফোর্স’, ‘এয়ারলিফ্ট’, ‘মিশন রানিগঞ্জ’ থেকে শুরু করে তার ফিল্মি ক্যারিয়ারে একাধিক ছবিতে দেশের জয়গান গেয়েছেন অক্ষয়। সেই তালিকার নবতম সংযোজন হলো ‘কেশরী চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’। অনেকেই তার মধ্যে ষাট-সত্তরের দশকের ‘ভারত কুমার’ খ্যাত অভিনেতা মনোজ কুমারের ছায়া দেখতে পান এবং মনে করেন মনোজ পরবর্তী অধ্যায়ে অক্ষয় যে নিষ্ঠার সঙ্গে পর্দায় দেশপ্রেম উসকে দেওয়ার দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। অনেকে তাকে ‘ভারত কুমার ২’ বলেও সম্বোধন করছেন।
অক্ষয় কুমারের এমন পদক্ষেপে তার অনুরাগীমহল এবং নেটপাড়া প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই কমেন্ট করে বলছেন, প্রোফাইলে তেরেঙ্গা মনে ভারত। আবার কেউ বা বলছেন, আবারও দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ তৈরি করলেন অক্ষয়। এই কঠিন পরিস্থিতিতে জওয়ানদের প্রতি তার এই সম্মান প্রদর্শনের মাধ্যমে তিনি আবারও ভারতীয়দের মন জয় করে নিলেন।