২৬-এর ভোটের আগেই ‘জয়ের মন্ত্র’ বলে দিলেন অর্জুন সিং, ‘এই কাজ করলেই বিজেপির জেতা নিশ্চিত’

আগামী বছরই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (WB Assembly Elections 2026), তার আগে রয়েছে প্রতিবেশী রাজ্য বিহারের নির্বাচন। এই দুই গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতো করে রণনীতি সাজাতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে বিজেপির জয়ের পথ বাতলে দিয়ে চমক দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। তার মতে, একটি বিশেষ কৌশল অবলম্বন করতে পারলেই নাকি দুটি রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত হবে।
অর্জুনের ‘জয়ের মন্ত্র’
অর্জুন সিংয়ের দেওয়া ‘জয়ের মন্ত্র’ হলো – বিহারে কর্মসূত্রে বসবাসকারী বাঙালি ভোটারদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের নিজ রাজ্যে ফিরিয়ে আনতে হবে। একইভাবে পশ্চিমবঙ্গে বসবাসকারী বিহারী ভোটারদের বিহার নির্বাচনে ভোট দেওয়ার জন্য তাদের নিজ রাজ্যে পাঠাতে হবে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের দাবি, এই বিপুল সংখ্যক ভোটার ‘গেম চেঞ্জার’ হতে পারেন এবং তাদের সঠিক সময়ে ব্যবহার করতে পারলেই বিজেপি দুটি রাজ্যেই ক্ষমতা দখল করতে পারবে।
তিনি স্পষ্টভাবে বলেছেন, “এই সকল বাঙালিদের ভোট দেওয়ার জন্য রাজ্যে পাঠানো হোক। আর এখানে যে সকল বিহারের ভোটার রয়েছেন, তাঁরাও এই রাজ্য থেকে গিয়ে বিহারে নিজেদের ভোট দেবেন। যদি এটা করা যায়, তাহলে দু’টি রাজ্যেই বিজেপির জয় নিশ্চিত।” তিনি সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবের কাছে এই আর্জি জানিয়েছেন বলেও খবর।
রাজনৈতিক প্রেক্ষাপট ও অর্জুনের বিশ্লেষণ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি। ২০২৪ সালের লোকসভা ভোটেও রাজ্যে দলের ফলাফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। এই প্রেক্ষাপটে ছাব্বিশের বিধানসভা ভোটে যাতে একই ফলের পুনরাবৃত্তি না হয়, সে কারণেই আগেভাগে অর্জুন সিং এই কৌশলের কথা বললেন।
তিনি শুধু ভোটার স্থানান্তরের কথাই বলেননি, ভোট ময়দানে সাফল্য পেতে গেলে দলের সকলকে শুধু ভাষণ দেওয়া বা শোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবে ময়দানে নামতে হবে বলেও জানান। দলীয় কর্মীদের সক্রিয়তার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে অর্জুন সিং একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ টেনেছেন। তিনি বলেন, “বিজেপির ডিফেন্স সিস্টেম শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী মোদী যেমন ডিফেন্স সিস্টেম পোক্ত করে তিন ঘণ্টার মধ্যে ভারতে বসেই পাকিস্তানকে শিক্ষা দিয়েছেন, তেমনই বিজেপির ডিফেন্সও মজবুত করতে হবে।” তিনি আক্ষেপ করে বলেন যে অনেক সময় দলের কর্মীরা কেবল ভাষণ দেন, শোনেন এবং তারপর ঘরে গিয়ে শুয়ে পড়েন, যা কাঙ্ক্ষিত নয়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যখন প্রতিটি দল নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে, তখন অর্জুন সিংয়ের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিহারে থাকা বাঙালি ভোটার যদি নিজ রাজ্যে এসে ভোট দেয় তাহলেই বিজেপি জয়ী হবে, তার এই দাবি কতটা বাস্তবায়িত হবে এবং এর প্রভাব কতটা পড়বে, সেটাই এখন দেখার বিষয়।