“আরও রঙিন ও আধুনিক রূপে ‘G’ আইকন”-বদলে গেল Google -এর লোগো

বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রায় এক দশক পর তাদের বহুল পরিচিত লোগো ‘G’-তে বড় ধরনের পরিবর্তন এনেছে। নতুন ডিজাইনে গুগলের সিগনেচার চারটি রঙ – লাল, হলুদ, সবুজ এবং নীল – আরও সমন্বিত ও গতিশীল রূপে একত্রে মিশে গেছে, যা লোগোটিকে এনে দিয়েছে এক নতুন মাত্রা।

চলতি বছরের ১১ মে আইফোনের গুগল সার্চ অ্যাপ হালনাগাদ করার পরই নতুন লোগোটির প্রথম ঝলক দেখতে পান কিছু ব্যবহারকারী। এর ঠিক পরদিনই অর্থাৎ ১২ মে অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল অ্যাপের বিটা সংস্করণেও নতুন ডিজাইনটি চালু হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই পর্যায়ক্রমে বিশ্বের সব প্রান্তে ব্যবহারকারীদের ডিভাইসে নতুন এই লোগোটি দেখা যাবে। শুধু মোবাইল অ্যাপেই নয়, ওয়েব ব্রাউজারের ট্যাবে প্রদর্শিত ছোট আইকন বা ‘ফ্যাভিকন’ হিসেবেও নতুন ‘G’ লোগোটি প্রতিস্থাপিত হবে।

বর্তমানে বিশ্বজুড়ে আনুমানিক ৫০০ কোটিরও বেশি মানুষ গুগলের বিভিন্ন পরিষেবা ব্যবহার করেন। ফলে গুগলের লোগো কেবল একটি প্রতীক নয়, এটি প্রযুক্তি, তথ্য এবং দৈনন্দিন ডিজিটাল অভিজ্ঞতার এক বৈশ্বিক পরিচয়ে পরিণত হয়েছে। তাই এর লোগোর যেকোনো পরিবর্তনই বিশ্বব্যাপী প্রযুক্তি মহলে আলোচনার জন্ম দেয়।

গুগল এর আগে সর্বশেষ বড় ধরনের লোগো পরিবর্তন এনেছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে। তখন প্রতিষ্ঠানটি তাদের ঐতিহ্যবাহী টাইপফেস পরিবর্তন করে আধুনিক ও ডিজিটাল-বান্ধব ‘Product Sans’ ফন্ট গ্রহণ করে। একই সঙ্গে ছোট হাতের ‘g’ প্রতীকের পরিবর্তে বৃত্তাকার ও বহু রঙের বড় হাতের ‘G’ আইকন চালু করেছিল, যা পরবর্তীতে গুগলের বিভিন্ন অ্যাপ ও সেবার ভিজ্যুয়াল আইডেনটিটিতে যুক্ত হয়।

গুগলের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুবিধা, আধুনিক ডিজিটাল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য এবং টাচ, টাইপ বা ভয়েসের মতো বিভিন্ন ইনপুট পদ্ধতির উপযোগিতা বিবেচনা করেই নতুন এই পরিবর্তন আনা হয়েছে। নতুন লোগোতে রঙের সমন্বয় আরও গতিশীলভাবে যুক্ত হয়েছে, যা প্রতিষ্ঠানটির উন্মুক্ততা, বৈচিত্র্য এবং প্রযুক্তিগত উদ্ভাবনের প্রতিফলন ঘটায়। এটি একই সঙ্গে উজ্জ্বল, সহজে চেনা যায় এবং ব্যবহারকারী-বান্ধব, যা যেকোনো আকারের স্ক্রিনে সহজেই মানিয়ে নিতে সক্ষম।