বিশেষ: ৪৫০০ বছর আগের পিরামিডের ভেতর গোপন করিডোর, সন্ধান পেয়ে উৎসাহী গবেষকরা

সাড়ে চার হাজার বছরেরও বেশি পুরনো গিজার গ্রেট পিরামিডের অভ্যন্তরে একটি নয় মিটার (৩০ ফুট) দীর্ঘ গোপন করিডোরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। গত বৃহস্পতিবার (২ মার্চ) পিরামিডের প্রধান প্রবেশপথের কাছেই এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা জানিয়েছেন মিশরীয় পুরাকীর্তি কর্মকর্তারা।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই পিরামিডের ভেতরের রহস্য উদঘাটনের জন্য ২০১৫ সাল থেকে একটি স্ক্যানিং প্রকল্প চলমান রয়েছে। ইনফ্রারেড থার্মোগ্রাফি, থ্রিডি সিমুলেশন এবং এন্ডোস্কোপি-র মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাজার হাজার বছর ধরে টিকে থাকা এই বিশাল কাঠামোর অভ্যন্তরে কী লুকিয়ে আছে, তা জানার চেষ্টা চালাচ্ছেন গবেষকরা। এই প্রকল্পের অংশ হিসেবেই নতুন এই গোপন করিডোরটি আবিষ্কৃত হয়েছে।
গ্রেট পিরামিডটি ২৫৬০ খ্রিস্টপূর্বাব্দে ফারাও খুফু (Cheops) এর শাসনামলে তাঁর স্মারক সমাধি হিসেবে নির্মিত হয়েছিল। ১৪৬ মিটার (৪৭৯ ফুট) উচ্চতার এই পিরামিডটি ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগে পর্যন্ত মানুষের তৈরি সর্বোচ্চ স্থাপত্য ছিল।
মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের প্রধান মোস্তফা ওয়াজিরি জানিয়েছেন, অসমাপ্ত মনে হওয়া এই করিডোরটি সম্ভবত মূল প্রবেশপথের চারপাশের ভার বহন করতে অথবা এখনো অনাবিষ্কৃত কোনো প্রকোষ্ঠ বা স্থানের চারপাশের ওজন পুনর্বণ্টন করার জন্য তৈরি করা হয়েছিল।
তিনি আরও বলেন, তাঁদের স্ক্যানিং কার্যক্রম অব্যাহত রয়েছে। করিডোরের নিচে বা এর শেষে কী রয়েছে, তা জানার জন্য অনুসন্ধান চলছে বলেও তিনি জানান। রয়টার্স সূত্রে এই খবর জানা গেছে।