দলের নেতারা যাই বলুন, অপারেশন সিঁদুর’-কে পূর্ণ সমর্থন, রাজ্যজুড়ে তৃণমূলের শ্রদ্ধা

পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর কড়া প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’-কে প্রথম থেকেই পূর্ণ সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সামরিক অভিযানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ প্রায় সব রাজনৈতিক দলই সেনাবাহিনীর সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন। অপারেশনের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় হিন্দ’ লিখে ভারতীয় সেনাকে অভিবাদন জানিয়েছিলেন। এবার যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর আবারও একবার নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী এবং জানালেন সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে বিশেষ কর্মসূচি পালন করবে।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর জন্য তৃণমূল একটি বিশেষ কর্মসূচি হাতে নিচ্ছে। সেনার প্রতি শ্রদ্ধা জানাতে দলের অন্দরে প্রস্তাবও গৃহীত হয়েছে। তিনি জানান, ভারত যে সামরিক অভিযান চালিয়েছে, তাকে তিনি প্রথম থেকেই পূর্ণ সমর্থন করেছেন।
মমতা এদিন আরও বলেন, “আমি প্রথম থেকে সমর্থন করেছি। এর মধ্যে কোনও রাজনৈতিক বিভেদ আমি দেখিনি। অনেকে ভেদাভেদ করেছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও কটাক্ষও করিনি।” তিনি ঘোষণা করেন, আগামী শনিবার ও রবিবার তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি ব্লকে সেনাবাহিনীর প্রতি সম্মান প্রদর্শন এবং শ্রদ্ধা জানানোর জন্য বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত মিছিল করবে।
তবে লক্ষণীয় বিষয় হলো, সাম্প্রতিক এই সামরিক পদক্ষেপ এবং যুদ্ধবিরতি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে তৃণমূলের একাধিক নেতার মুখে ভিন্ন ভিন্ন মত শোনা গিয়েছে। তৃণমূল সাংসদ সৌগত রায় স্পষ্ট জানিয়েছেন যে, ভারত যুদ্ধবিরতির পথে হেঁটেছে, এই বিষয়টি তিনি ভালোভাবে দেখছেন না। একইভাবে আরেক তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ আরও কড়া ভাষায় মন্তব্য করেছেন, তিনি মনে করেন “পাকিস্তানকে বাগে পেয়েও ছেড়ে দিল ভারত, এটা ঠিক করেনি।” মুখ্যমন্ত্রীর জোরালো সমর্থনের বিপরীতে দলের একাংশের এই ধরনের ভিন্নমত রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।