এএসআই-এর বাড়িতে চুরি করতে গিয়ে গুলিবিদ্ধ দুষ্কৃতী, দুর্গাপুরে চাঞ্চল্যকর ঘটনা!

কাঁকসা থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই)-এর বাড়িতে চুরি করতে ঢুকে তাঁর উপরই হামলার অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই সময় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মরক্ষা করেন ওই এএসআই। গুলিতে জখম হয়েছে অভিযুক্ত ওই ব্যক্তি। সোমবার রাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার বিধাননগর এলাকায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। গুলিবিদ্ধ ব্যক্তির নাম রাজেশ দাস, সে ঝাড়খণ্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে বিধাননগরের ডিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় ওই এএসআই-এর বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে রাজেশ দাস। বাড়িতে অনাকাঙ্ক্ষিত কাউকে দেখতে পেয়ে এএসআই তাকে দাঁড়াতে বলেন। অভিযোগ, রাজেশ শুধু নির্দেশ অমান্যই করেনি, উল্টে এএসআইকে হুমকি দিতে শুরু করে এবং তাঁর উপর চড়াও হওয়ার চেষ্টা করে। নিজের প্রাণ বাঁচাতে এবং আত্মরক্ষার্থে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তাঁর সার্ভিস বন্দুক থেকে গুলি চালান বলে দাবি করেছেন।
এএসআই-এর চালানো গুলি রাজেশ দাসের কোমরের নিচ দিয়ে ছুঁয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে এবং সে পুলিশি হেফাজতে রয়েছে।
অন্যদিকে, গুলিবিদ্ধ রাজেশ দাসের দাবি সম্পূর্ণ ভিন্ন। সে জানায়, “অন্য জায়গায় চুরি করে যাচ্ছিলাম। তখন মদের নেশায় ভুল করে ওই পুলিশের বাড়িতে ঢুকে পড়েছিলাম। আমি যখন পালাতে যাচ্ছিলাম, তখনই পুলিশ গুলি চালায়।” তার আরও দাবি, গুলি শরীর থেকে বেরিয়ে গিয়েছে এবং এক্স-রে-তে কিছু পাওয়া যায়নি।
এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর, সুবীর রায় জানান, “এক দুষ্কৃতী ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বাড়িতে চুরি করার জন্য ঢুকেছিল। এএসআই তাকে দাঁড়াতে বললেও সে শোনেনি। উলটে পুলিশ আধিকারিকের উপর হামলা চালানোর চেষ্টা করে। সেই পরিস্থিতিতে নিজের আত্মরক্ষার্থেই এএসআই গুলি চালিয়েছেন।”
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং গুলিবিদ্ধ রাজেশ দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।