‘বাড়ির বাচ্চা-বয়স্কদের নিয়ে ঘরের ভিতর থাকুন’ অপারেশন সিঁদুরের পর মাইকে ঘোষণা পাকিস্তানে! ভাইরাল ভিডিও

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-এ নৃশংস জঙ্গি হামলার যোগ্য জবাব দিতে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হেনেছে ভারতীয় বাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নামে ভারতের এই অতর্কিত অভিযানের সময় নাকি ভয়ঙ্ক পরিস্থিতি তৈরি হয়েছিল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু এলাকায়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও এবং পোস্টে এমনই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে, যেখানে মসজিদ থেকে মাইকে ঘোষণা শোনা যাচ্ছে বলে দাবি। তবে এই ভিডিও-র সত্যতা এখনও যাচাই করা হয়নি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতে যখন ভারতীয় বাহিনী আঘাত হানছিল, তখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। পাকিস্তানের কোনও এক এলাকার মসজিদ থেকে নাকি তখন মাইকে ঘোষণা করা হচ্ছিল। সেই ভিডিও-তে শোনা যাওয়া ঘোষণা অনুযায়ী, এক ব্যক্তি মাইকে বলছেন, ‘বাড়ির বাচ্চা এবং বয়স্কদের নিয়ে ঘরের ভিতর থাকুন। দরজায় তালা দিয়ে দিন। বাইরে যাবেন না। ওপরমহলের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সকলে মিলে কলমা পড়ুন।’ এই ঘোষণা নাকি চলছিল অপারেশন সিঁদুরের ঠিক সেই সময়টাতেই, যখন ভারতীয় বাহিনী জঙ্গি আস্তানাগুলিতে হামলা চালাচ্ছে।

‘মোসাদ কমেন্টানি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিও প্রথম ভাইরাল হয়েছে বলে জানা যাচ্ছে। সেই ভিডিও পোস্ট করে দাবি করা হয়, তা অপারেশন সিঁদুর-র পরবর্তী দৃশ্য এবং দৃশ্যটি পাকিস্তানের কোনও এক এলাকার। এমনই একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটাগরিকদের অধিকাংশের দাবি, অপারেশন সিঁদুর-র পর পাকিস্তানের কোনও এক এলাকার এই অবস্থা।

তবে এই ভিডিও-র সত্যতা নিয়ে সংশয় রয়েছে এবং এটি ঠিক কবেকার বা কোন জায়গার, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিভিন্ন সূত্র ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

প্রসঙ্গত, ভারতের এই প্রত্যাঘাতের কারণ ছিল গত ২২ এপ্রিল ঘটে যাওয়া পহেলগাঁও-র ভয়ানক জঙ্গি হামলা। যা মিনি সুইৎজারল্যান্ড নামে খ্যাত বৈসরন উপত্যকায় ঘটেছিল। সেদিন দুপুরে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন পর্যটক। প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছিলেন যে, ‘জঙ্গিরা ধর্ম জেনে হত্যা করেছে। বেছে বেছে হিন্দু পুরুষদের হত্যা করেছে।’ এই হামলার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং কঠোর পদক্ষেপের দাবি ওঠে।

ওই হামলার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময় এবং পছন্দ স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বলা হয়েছিল। মঙ্গলবার মধ্যরাতে সেই আঘাত হানে ভারতীয় সেনা। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেনা। এভাবেই পাকিস্তানকে জবাব দিল পেহলগাঁও কাণ্ডের। ৯ জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত ও অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।”

সব মিলিয়ে, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত যেমন পহেলগাঁওয়ের নৃশংসতার যোগ্য জবাব দিয়েছে, তেমনই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এই চাঞ্চল্যকর ভিডিওটি পাকিস্তানের ভেতরে সেই সময়কার সম্ভাব্য পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে, যদিও এর সত্যতা নিশ্চিত হওয়া বাকি।