বৃষ্টিতে ভেস্তে গেল দিল্লি-হায়দরাবাদ ম্যাচ, বিধ্বংসী বোলিংয়ে নজর কাড়লেন প্যাট কামিন্স

দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও, হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের বোলিং পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তিনি ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে ৩টি উইকেট তুলে নেন।
আইপিএলে সচরাচর বোলারদের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটাররাই এই ভূমিকা পালন করেন। তবে কিছু ব্যতিক্রম অবশ্যই দেখা গেছে, যেমন অনিল কুম্বলে বা বর্তমানের প্যাট কামিন্স। রবিচন্দ্রন অশ্বিনও দুই বছর পাঞ্জাব কিংসের নেতৃত্ব সামলেছিলেন।
অধিনায়ক হিসেবে অশ্বিন ২৮ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন, তাঁর সেরা বোলিং ছিল ৩/২৩। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে অনিল কুম্বলে ২৬ ম্যাচে ৩০ উইকেট শিকার করেছেন, তাঁর সেরা বোলিং ফিগার ৪/১৬। অন্যদিকে, প্যাট কামিন্স ২৭ ম্যাচে ৩১ উইকেট নিয়ে এই তালিকায় উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন। দিল্লির বিরুদ্ধে তাঁর ৩/১৯ বোলিং ছিল অন্যতম সেরা পারফরম্যান্স। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। তিনি ৫৫ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন এবং ৫/৩৬ হলো বোলার অধিনায়ক হিসেবে তাঁর সেরা বোলিং ফিগার, যা আইপিএলের ইতিহাসে এই বিভাগে সেরা। হার্দিক গুজরাট টাইটান্সেরও দু’বছর অধিনায়ক ছিলেন।
এই তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি শেন ওয়ার্ন। আইপিএলের শুরুর দিকে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন তিনি এবং তাঁর নেতৃত্বেই প্রথম বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। এরপর আর শিরোপা জিততে পারেনি তারা। এই লেগস্পিনার ৫৫ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন, সেরা বোলিং ৪/২১।
তবে একটি বিশেষ রেকর্ড প্যাট কামিন্সের দখলে রয়েছে। তিনিই প্রথম অধিনায়ক যিনি আইপিএলে পাওয়ার প্লে-এর মধ্যেই ৩টি উইকেট নিয়েছেন।