ঝুলছে ভাঙা তালা! মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই জাফরাবাদের দাস বাড়ির দরজা বদল, পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সফরে যাওয়ার আগেই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। জাফরাবাদের হিংসায় নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে ভাঙচুর হওয়া দরজাগুলি রহস্যজনকভাবে বদলে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, রবিবার গভীর রাতে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তালা ভেঙে বাড়িগুলিতে প্রবেশ করে এবং পুরনো ভাঙা দরজাগুলি খুলে সেখানে নতুন দরজা লাগিয়ে দেয়।
সোমবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, মুখ্যমন্ত্রীর পরিদর্শনের সময় হিংসা ও তাণ্ডবের প্রকৃত চিত্র আড়াল করার উদ্দেশ্যেই পুলিশের মদতে এই কাজ করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে জাফরাবাদে দুষ্কৃতীদের হামলায় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং তাঁদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছিল। সেই ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল।
যদিও পুলিশ গ্রামবাসীদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রীর সফরের প্রাক্কালে দরজা বদলের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।