‘তুমি এত সুন্দরী কেন?’ স্ত্রীর রূপের আগুনে জ্বলছিল স্বামী! ঘুমের মধ্যেই নাক চিবিয়ে দেওয়ার অভিযোগ

রূপের প্রতি হিংসা কতটা ভয়াবহ হতে পারে, তার এক নৃশংস প্রমাণ মিলল নদিয়ার শান্তিপুরে। স্ত্রীর সৌন্দর্যকে সহ্য করতে না পেরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তাঁর নাক কামড়ে ক্ষতবিক্ষত করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, বাধা দিতে গেলে শরীরের অন্যান্য অংশেও কামড়ে দিয়েছেন অভিযুক্ত। এই বর্বরোচিত ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

আক্রান্ত গৃহবধূর অভিযোগ, রবিবার গভীর রাতে তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখনই আচমকা তীব্র যন্ত্রণায় তাঁর ঘুম ভেঙে যায়। তিনি বুঝতে পারেন, তাঁর স্বামী বাপন শেখ তাঁর ওপর চড়াও হয়েছেন এবং তাঁর নাক সজোরে কামড়ে ধরেছেন। অভিযোগ, স্বামী তাঁর নাকটি চিবোতে শুরু করেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করলে এবং স্বামীকে প্রতিহত করার চেষ্টা করলে তিনি গৃহবধূর শরীরের একাধিক অংশে কামড় বসিয়ে দেন।

গৃহবধূর দাবি, বিগত ৯ বছর ধরে বাপন শেখের সঙ্গে তাঁর সংসার। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তাঁর রূপ নিয়ে অত্যন্ত ঈর্ষান্বিত ছিলেন। প্রায়ই তিনি স্ত্রীকে বলতেন যে তিনি খুব সুন্দরী, বিশেষ করে তাঁর নাক খুব সুন্দর এবং অনেক পুরুষ নাকি তাঁর নাকের প্রশংসা করেন। স্ত্রীর এই সৌন্দর্য মেনে নিতে পারতেন না বাপন। প্রায়ই তিনি উষ্মা প্রকাশ করে বলতেন, “তুমি এত সুন্দরী কেন? তোমার দিকে অন্য অনেক পুরুষের নজর পড়ে।”

গৃহবধূ পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী মাঝে মাঝে রাগের মাথায় ইঙ্গিত দিতেন যে তিনি একদিন তাঁর নাক কামড়ে দেবেন স্ত্রীর সৌন্দর্য নষ্ট করার জন্য। কিন্তু সেই কথা স্বামী সত্যি সত্যি কার্যকর করবেন, তা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি।

এই ভয়ানক আক্রমণের জেরে গৃহবধূর নাকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং রক্তপাত থামাতে ব্যান্ডেজ করতে হয়েছে। শরীরের অন্যান্য অংশেও কামড়ের স্পষ্ট চিহ্ন রয়েছে। সম্পূর্ণ ঘটনা জানিয়ে অভিযুক্ত স্বামী বাপন শেখের বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের খোঁজ চালাচ্ছে। স্ত্রীকে ‘সুন্দরী’ হওয়ার কারণে এমন নৃশংস হামলার ঘটনা সামনে আসতেই স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা।