অবাক করা কান্ড স্কুটার দেখেই চেপে বসল ষাঁড়, ভিডিও ভাইরাল হতেই মিমের বন্যা !

জীবনের গতানুগতিকতায় হয়তো হাঁফিয়ে উঠেছিল সে। অথবা কে জানে, মানুষের মতো তারও হয়তো সাধ জেগেছিল একটু গতির স্বাদ নিতে! কারণ যাই হোক না কেন, উত্তরাখণ্ডের ঋষিকেশের রাস্তায় এক ষাঁড় যা কাণ্ড ঘটাল, তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক।
ঘটনাটি ঠিক কী? রাস্তার ধারে পার্ক করা ছিল একটি সাদা স্কুটার। আপন মনে হেঁটে আসা এক ষাঁড়ের হঠাৎই নজর পড়ে সেটির দিকে। ব্যস, আর যায় কোথায়! যেন বহু পরিচিত বাহন, এমন ভঙ্গিতেই সামনের দুই পা তুলে দিল স্কুটারের সিটের উপরে। পিছনের দুই পা তখনও মাটিতে। এই অদ্ভুত দৃশ্য দেখে রাস্তার এক মহিলা তাঁর কোলের শিশুকে নিয়ে দ্রুত সরে যান।
इंसानों को स्कूटी चोरी करते हुए बहुत बार देखा होगा लेकिन ऋषिकेश में स्कूटी चोरी का मामला कुछ अलग है। यहां गली में घूमने वाले आवारा सांड भी बाइक स्कूटी का शौक रखते है। pic.twitter.com/37TRoCzhcb
— bhUpi Panwar (@askbhupi) May 2, 2025
এরপর শুরু হল আসল খেলা! পিছনের দুই পা দিয়ে মাটিতে ঠেলা মেরে ষাঁড়টি স্কুটারটিকে সামনের দিকে ঠেলতে শুরু করে। প্রথমে একটু টলমল করলেও, দেখতে দেখতে দিব্যি গতি তুলে নেয় সে। দুই চাকায় ভারসাম্য রেখে, পিছনের পায়ে ভর দিয়ে স্কুটারটিকে বেশ কিছুটা দূর চালিয়ে নিয়ে যায়! মনে হচ্ছিল যেন কোনও প্রশিক্ষণপ্রাপ্ত চালক!
অবশেষে এই ‘রোমাঞ্চকর রাইড’-এর সমাপ্তি ঘটে একটি বাড়ির গেটে সজোরে ধাক্কা মেরে। স্কুটারটি উল্টে পড়ে। তবে তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ষাঁড়টির। যেন কিছুই হয়নি, এমন ভাব করে উল্টে পড়া স্কুটারটিকে কিছুক্ষণ দেখে নিয়ে সে নিজের মনে দুলকি চালে সেখান থেকে প্রস্থান করে।
এই ভিডিও ভাইরাল হতেই নেটদুনিয়ায় মিমের বন্যা। কেউ মজা করে লিখেছেন, “মানুষের স্কুটার চুরি তো অনেক হল, এবার ষাঁড়ের পালা!” অন্য একজন আবার স্কুটারের মালিকের কথা ভেবে চিন্তিত, “বেচারা বিমা কোম্পানিকে কী বলে বোঝাবেন!” সব মিলিয়ে, এই স্কুটার-সওয়ার ষাঁড়ের কীর্তি আপাতত ইন্টারনেট মাতাচ্ছে।