“এক সপ্তাহের মধ্যেই ভালো খবর…”-আশ্বাস নিয়ে ফিরলেন ‘নিখোঁজ’ বিএসএফ জওয়ানের স্ত্রী

সম্প্রতি পাকিস্তান রেঞ্জার্সদের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলির রিষড়া এলাকার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। এই ঘটনার পর থেকেই তার পরিবার গভীর উদ্বেগে রয়েছে। স্বামীর বিষয়ে খোঁজখবর নিতে এবং তাকে নিরাপদে ফিরিয়ে আনার ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলতে জওয়ানের স্ত্রী রজনী সাউ বিভিন্ন বিএসএফ হেডকোয়ার্টারে যান।

বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ পাক রেঞ্জার্সদের হাতে আটক হওয়ার পর প্রাথমিক আশ্বাস পেয়েও রজনী সাউ পুরোপুরি শান্ত হতে পারেননি। গত সোমবার তাই তিনি পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দেন। চণ্ডীগড় বিমানবন্দরে নামার পর তিনি প্রথমে হিমাচল প্রদেশের কাংড়াতে অবস্থিত বিএসএফের মূল কার্যালয়ে যান এবং এরপর পঞ্জাবের ফিরোজপুরে আধা সেনার হেডকোয়ার্টারেও যান। সেখানে তিনি সংশ্লিষ্ট বিএসএফ কর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং তার স্বামীর পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

বিভিন্ন হেডকোয়ার্টারে কথা বলার পর অবশেষে কিছুটা স্বস্তি নিয়ে রিষড়ায় ফিরেছেন রজনী সাউ। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বাস পেয়েছি যে তিনি (আমার স্বামী) দ্রুত ফিরে আসবেন। তাই আমরা আশাবাদী।” রজনী আরও জানান যে, বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার তার স্বামীকে পাকিস্তান থেকে দেশে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কর্মকর্তারা তাকে আশ্বাস দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে একটি ইতিবাচক খবর আসবে বলে তারা আশা করছেন।

আটক বিএসএফ জওয়ানের এক আত্মীয়ও কর্তৃপক্ষের কাছ থেকে একই ধরনের আশ্বাসের কথা জানিয়েছেন। তবে এই পুরো বিষয়টির দায়ভার এবং দ্রুত সমাধান কেন্দ্রীয় সরকারের হাতেই রয়েছে বলে মনে করেন আটক জওয়ান পূর্ণম কুমারের বাবা। তিনি আশা করছেন সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে তার ছেলেকে ফিরিয়ে আনবে।