‘গোটা রাত একসঙ্গে কাটিয়ে…সকালে গঙ্গাস্নান করেই সতী’ : দিলীপ, কাকে নিশানা করে বললেন এই কথা?

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে সদ্য দীঘায় তৈরি জগন্নাথ মন্দির দর্শন করে কলকাতায় ফিরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সদ্য বিয়ে করে স্ত্রীকে নিয়ে তাঁর এই দীঘা সফর রাজ্য বিজেপির অন্দরে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। রাজ্যের সর্বোচ্চ নেত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক দীঘা যাওয়ার পর থেকেই রীতিমত সংবাদ শিরোনামে তিনি এবং ঘরে বাইরে সমলোচিত হতে হচ্ছে তাঁকে। তাঁর ‘ফুল’ বদলের চর্চাও তুঙ্গে উঠেছে।

এই বিতর্কের মধ্যেই তাঁকে ‘ভোগী’ বলে কটাক্ষ করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এর কড়া জবাব দিয়ে সৌমিত্র খাঁকে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

সৌমিত্র খাঁর মন্তব্যের জবাবে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ পাল্টা বলেন, “ওকে অনেকে এইসব কথা বলাচ্ছে।” তিনি সৌমিত্রর স্ত্রীর মন্তব্য উল্লেখ করে বলেন, “তার বউ বলেছে ওর কোনও বুদ্ধি নেই। আমি বলিনি।” দিলীপ ঘোষ আরও কঠোর ভাষায় সৌমিত্রর জীবন ও রাজনীতিকে আক্রমণ করে বলেন, “তার জীবন দেখুন। সে কটা পার্টি করেছে? গোটা রাত কারুর সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতাকে আমরা বাড়িতে পুষে রেখেছি। কাল যদি পোষা বন্ধ করি সব ঐদিকে লাইন লাগাবে। তারা বিজেপির পোষ্য।”

তিনি সরাসরি সৌমিত্রকে উদ্দেশ্য করে বলেন, “দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবেন না। রোজ যে বিছানা পাল্টায় সে যেন দিলীপ ঘোষকে জ্ঞান না দিতে আসে। দিলীপ ঘোষ খালি হাতে রাজনীতিতে এসেছে। খালি হাতে চলে যাবে। মাথা উঁচু করে রাজনীতি করে চলে যাবে।” দিলীপ ঘোষ আরও বলেন, “সৌমিত্র খাঁ এঁটোকাঠা খেয়ে জীবন কাটিয়েছে। সেও নেতা? তার কথার কি গুরুত্ব?” তিনি সৌমিত্র খাঁ সম্প্রতি অন্যান্য বিজেপি নেতাদের সম্পর্কে কী বলেছেন তাও উল্লেখ করেন। “সে পরশু শুভেন্দু অধিকারীকে গালাগাল দিয়েছে। কাল সুকান্ত মজুমদারকে গালাগাল দিয়েছে। ওর বাপ কে? ওকে জিজ্ঞাসা করুন।”

এদিকে, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ সম্প্রতি মন্তব্য করেন যে, “দিলীপ ঘোষের এখন বেশি ঘনিষ্ঠ কুণাল ঘোষ (তৃণমূল নেতা)।” এই বিষয়েও সজল ঘোষকেও একহাত নেন তিনি। বলেন, “কেন সজল আমার ঘনিষ্ঠ নয়? আমার সঙ্গে কুণাল ঘোষ ফটো তোলে। সজল ঘোষ ফটো তোলে। আমি সবাইকে ঘনিষ্ঠ মনে করি। কেউ যদি সময় সময় আমার সঙ্গে দূরত্ব বাড়ায় সেটা তার ব্যাপার। আমার কাউকে নিয়ে কোনও অ্যালার্জি নেই। কে চোর কে ডাকাত সেটা নিয়েও আমার কোনও মাথাব্যথা নেই।” দিলীপ ঘোষ আরও বলেন, “যারা কাল পর্যন্ত চোর ডাকাতের সঙ্গে ছিল তারা আজ সতী হয়ে যাচ্ছে। দিলীপ ঘোষ যাকে একবার বন্ধু মনে করে তাকে শেষ দিন পর্যন্ত বন্ধু মনে করে। কাল যারা তৃণমূলে শত্রু ছিল তারা বন্ধু হয়েছে। আমি তাদের বন্ধু বলেই মনে করি।”

দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক প্রতিক্রিয়া রাজ্য বিজেপির অন্দরের বিভেদ ও তীব্র গোষ্ঠীকোন্দলকে আরও একবার প্রকাশ্যে এনে দিল। তাঁর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।