দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা খেলেন ‘এই’ TMC সাংসদ! ৫০ লক্ষ জরিমানা দিতেই হবে

সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দিল্লি হাইকোর্টের দেওয়া ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তবে সেই আর্জি এবার খারিজ করে দিল আদালত, যা সাংসদের জন্য এক বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালের জুন মাসে। সে সময় তৃণমূল সাংসদ সাকেত গোখলে ধারাবাহিকভাবে বেশ কিছু টুইট করেছিলেন। সেখানে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও তাঁর স্ত্রী তথা সাবেক কূটনীতিক লক্ষ্মী পুরীর সুইজারল্যান্ডে কেনা আবাসন নিয়ে নানান প্রশ্ন তোলেন। পুরী দম্পতির সম্পত্তির বিষয়ে ইডি তদন্ত চাওয়ার পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ওই টুইটগুলিতে ট্যাগ করেছিলেন সাকেত।

এই নিয়ে তীব্র জলঘোলা হয়েছিল এবং জল গড়ায় আদালত অবধি। পরবর্তীতে দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো ওই বিতর্কিত টুইটগুলি মুছে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তবে তা সত্ত্বেও মানহানির মামলা থেকে তিনি মুক্তি পাননি। গত ২০২৪ সালের জুলাই মাসেই দিল্লি হাইকোর্ট তাঁকে সমাজমাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

এই রায় পুনরায় বিবেচনার আর্জি জানিয়েছিলেন সাকেত। তবে তাতে কোনও সুরাহা হলো না। দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব তাঁর এই আবেদন খারিজ করে দিয়েছেন। বিচারপতির নির্দেশ অনুযায়ী, আইন মেনে রায় পুনরায় বিবেচনা করার আর্জি ১৮০ দিনের সময়সীমার মধ্যে জানানোর কথা ছিল। তবে তৃণমূল সাংসদ সেই নির্ধারিত সময়ের মধ্যে আর্জি জানাননি। সেই জন্য তার আর্জি খারিজ করে দেওয়া হচ্ছে বলে জানান বিচারপতি।

এর ফলে দিল্লি হাইকোর্টের দেওয়া পুরনো নির্দেশই বহাল রইল। মানহানিতে দোষী সাব্যস্ত সাকেতের মাসিক বেতন থেকে দুই-তৃতীয়াংশ কেটে নেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

উল্লেখ্য, এর আগেই অবশ্য তৃণমূলের রাজ্যসভার এই সাংসদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দলের বাকি ৪০ জন সাংসদ। দলীয় স্তরে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে প্রত্যেকে সাকেতকে মাসিক ৪০০০ টাকা করে দেবেন, যাতে তিনি আইনি লড়াই চালাতে পারেন।

দিল্লি হাইকোর্টের এই রায়ের পর তৃণমূল সাংসদ সাকেত গোখলের আইনি লড়াই আরও কঠিন হলো। ৫০ লক্ষ টাকা জরিমানার বোঝা এবং বেতন থেকে নিয়মিত অংশ কেটে নেওয়ার নির্দেশ তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।