মাধ্যমিকে মালদার জয়জয়কার ! দুই সহপাঠীই মাধ্যমিকে অষ্টম, জানুন তাদের স্বপ্ন?

এবারের মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে মালদা জেলার ছাত্রছাত্রীরা উজ্জ্বল ফল করেছে। জেলার মেধাতালিকায় মোট সাতজন ছাত্রছাত্রী স্থান করে নিয়েছে, যা জেলাবাসীর কাছে গর্বের বিষয়। বিশেষভাবে উল্লেখ্য, মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে দুই জন ছাত্র এবার অষ্টম স্থান অধিকার করেছে।

অষ্টম স্থানাধিকারী সৃজন প্রামাণিক ও তার স্বপ্ন:
অষ্টম স্থানাধিকারী সৃজন প্রামাণিকের প্রাপ্ত নম্বর ৬৮৮। তার বাড়ি মালদা শহরের মহেশমাটি এলাকায়। বাবা সীতানাথ প্রামাণিক হাইস্কুলের শিক্ষকতা থেকে অবসর নিয়ে বর্তমানে মানিকচকের গভর্নমেন্ট মডেল স্কুলে কর্মরত, মা জয়ন্তী গুপ্ত প্রামাণিক গৃহবধূ। ইটিভি ভারতের মুখোমুখি হয়ে সৃজন জানায়, “সকাল থেকেই টিভির দিকে নজর ছিল। মেধাতালিকায় ৬৬ জন স্থান পেয়েছে। ৬৮৮ পেয়ে আমি অষ্টম স্থান অধিকার করেছি। নিজের ফল শুনে স্বাভাবিকভাবেই প্রথমে উত্তেজিত হয়ে উঠেছিলাম। পরে নিজেকে সামলে নিই। আমি আশা করেছিলাম ৬৯০ নম্বর হয়তো পেতে পারি। তবে যে নম্বর পেয়েছি তাতেও আমি খুশি। আমার বাঁধা ধরা নিয়মে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগত না। তবে দিনে ১০ ঘণ্টা পড়াশোনা হয়েই যেত।” তবে শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পছন্দ করত না সৃজন। ক্রিকেটের পাশাপাশি দাবা খেলার প্রতিও আকর্ষণ ছিল তার। সৃজন জানায়, “খেলাধুলোর পাশাপাশি বই পড়তেও ভালো লাগে। এই মুহূর্তকে অনুভব করার পাশাপাশি আগামী লক্ষ্যের দিকেও নজর দিতে হবে। অঙ্ক আর রসায়নের প্রতি আমার আলাদা টান রয়েছে। সেদিক দিয়ে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে।” ছেলের সাফল্যে খুশি সৃজনের মা জয়ন্তী গুপ্ত প্রামাণিক বলেন, “ছেলে অষ্টম স্থান অধিকার করেছে। ছোট থেকেই ছেলে পড়াশোনায় ভালো। আরও ভালো ফল আশা করেছিলাম। ছেলের রেজাল্ট শুনে সকলে বাড়িতে ছুটে আসছেন, খুব ভালো লাগছে।”

সহপাঠী অরিত্র সাহার কৃতিত্ব:
সৃজনের সঙ্গে অষ্টম স্থান অধিকার করেছে তার সহপাঠী অরিত্র সাহাও। মালদা শহরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা অরিত্র। বর্তমানে সে কোটায় পড়াশোনা করছে। বাবা শিবাজি সাহা ইলেকট্রিকের ব্যবসা করেন এবং মা অনিমা সাহা গৃহবধূ। এত ভালো ফল করার পরেও পড়াশোনা থেকে এক ঘণ্টার জন্যও মন সরায়নি অরিত্র। সারা বাড়ি জুড়ে যখন হইহুল্লোর চলছে, সেই সময়ও তড়িঘড়ি পরিবারের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলে, ক্লাসে যোগ দেয় সে। টিভিতে ছেলের ফল শুনে বিশ্বাস করতে পারছিলেন না তার মা অনিমা সাহা। তাঁর শরীরী ভাষায় আনন্দের বহিঃপ্রকাশ পরিষ্কার বোঝা যাচ্ছিল। অরিত্রর মা জানান, “রেজাল্ট ঘোষণার সময় ছেলে ক্লাসে ছিল। পরে ওর সঙ্গে কথা হয়েছে। বর্তমানে ছেলে কোটায় পড়াশোনা করছে। ক্লাস থাকায় ছেলের সঙ্গে বেশি কথা হয়নি।”

মালদার অন্যান্য কৃতীরা:
মাধ্যমিক পরীক্ষার মালদা জেলার কনভেনর বিপ্লব গুপ্ত জানিয়েছেন, এবার মালদা জেলায় মেধাতালিকায় মোট সাতজন স্থান পেয়েছে। তাদের মধ্যে রামকৃষ্ণ মিশনের অনুভব দ্বিতীয় স্থান অধিকার করেছে। অষ্টম স্থানে রয়েছেন মালদার চার পড়ুয়া – অরিত্র সাহা ও সৃজন প্রামাণিক রামকৃষ্ণ মিশনের ছাত্র, এবং আসিফ মেহবুব জয়েনপুর হাইস্কুল ও মহম্মদ ইনজামুল হক টার্গেট পয়েন্ট স্কুলের ছাত্র। দশম স্থানে রয়েছেন মোজনপুর গার্লস স্কুলের আমিনা বানু ও সুজাপুর হাইস্কুলের উদয় সাদাব।

মালদা জেলার এই কৃতী ছাত্রছাত্রীদের সাফল্যে জেলাজুড়ে খুশির হাওয়া। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমগ্র জেলা। রামকৃষ্ণ মিশন সহ জেলার অন্যান্য স্কুলগুলিও এই সাফল্যে গর্বিত।