‘গুজরাতের মানুষের রাগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত’, আদানির প্রশংসা করে মজার কথা বললেন প্রধানমন্ত্রী !

কেরলের তিরুঅনন্তপুরম জেলায় নবনির্মিত ভিঝিমজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানমঞ্চ থেকে শিল্পপতি গৌতম আদানির উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৮ হাজার ৮৬৭ কোটি টাকা আনুমানিক ব্যয়ে গড়ে ওঠা এই বন্দর ভারতের maritime বাণিজ্য এবং লজিস্টিকস সেক্টরে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে।
কেরল সরকার ও আদানি গ্রুপের যৌথ উদ্যোগে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে গড়ে তোলা এই বন্দরটি ট্রান্সশিপমেন্টে বিদেশি বন্দরের উপর ভারতের নির্ভরতা কমাবে। বৃহত্তর আদানি গ্রুপের অংশ APSEZ, ভারতের বৃহত্তম বেসরকারি বন্দর অপারেটর, এই বন্দরটির উন্নয়ন ও পরিচালনার কাজ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিল্পপতি গৌতম আদানির প্রশংসা করেন এবং বন্দর নির্মাণে তাঁর সংস্থার ভূমিকার কথা উল্লেখ করেন। এরপর তিনি আদানির দিকে তাকিয়ে মজার ছলে বলেন, “আমি এই মাত্র বন্দর ঘুরে দেখলাম। কিন্তু, যখন গুজরাতের মানুষ জানতে পারবেন যে গৌতম আদানি কেরলে এত বড় একটা বন্দর তৈরি করেছেন… গুজরাতে, ৩০ বছরে বন্দরের কাজ করছেন উনি। কিন্তু, কখনো এরকম বন্দর বানাননি। তাই, গুজরাতের মানুষের রাগের মুখোমুখি হওয়ার জন্য ওঁর প্রস্তুত থাকা উচিত।” প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুনে অনুষ্ঠানমঞ্চে উপস্থিত সকলে এবং দর্শক আসনে হাসির রোল ওঠে।
প্রধানমন্ত্রী তাঁর সফরের মধ্যে তিরুঅনন্তপুরম শহর থেকে বন্দরস্থলে একটি সংক্ষিপ্ত আকাশপথ ভ্রমণ করেন। হার্ড টুপি পরে, বিশিষ্ট মানুষজন এবং দর্শকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে তিনি ট্রান্সশিপমেন্ট হাবের পরিচালনামূলক সুবিধাগুলি ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানমঞ্চে কেরলের রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, গৌতম আদানি এবং স্থানীয় কংগ্রেস সাংসদ শশী তারুরও উপস্থিত ছিলেন।
কেরলের ভিঝিমজাম আন্তর্জাতিক সমুদ্রবন্দর ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক শিল্পপতির প্রশংসা এই প্রকল্পের গুরুত্বকে আরও একবার তুলে ধরেছে।