‘ক্লাস 10 এও গাইডেন্স পেয়েছি…তাঁদের আজ চাকরি নেই’, যোগ্যদের ফেরানো হক দ্রুত – মত মেধাবী ছাত্রের

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রাজ্যের সেরা হয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। জীবনের প্রথম বড় পরীক্ষায় এই বিরাট সাফল্যের পাশাপাশি, রাজ্যের বর্তমান ঘটনাবলী নিয়েও তার সচেতনতা নজরে এসেছে। বিশেষ করে সম্প্রতি ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়ার ঘটনায় সে তার উদ্বেগ প্রকাশ করেছে।

মেধা তালিকার একেবারে শীর্ষে থাকবে, এমনটা প্রত্যাশা না করলেও, ভালো ফলের আশা ছিল আদৃতের। ফল প্রকাশের পর তাকে প্রশ্ন করা হয়েছিল তার র‍্যাঙ্ক, পড়াশোনার সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পড়াশোনার পাশাপাশি চারিপাশে ঘটে যাওয়া ঘটনার উপর নজর রাখা হয় কিনা। মেধাবী এই ছাত্রের উত্তর ছিল, হ্যাঁ। তার মুখেও শোনা গেল, ২৬ হাজার শিক্ষকের চাকরি খোয়ানোর প্রসঙ্গ।

আদৃতের অন্য ভাবনা

আদৃত জানিয়েছে, “আমরা এখন দেখছি ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেল। আমাদের স্কুলের কয়েক জনেরও চাকরি চলে গিয়েছে। সেই টিচারদের কাছে পড়েছি আমি। ক্লাস টেন-এও গাইডেন্স পেয়েছি। এটা খুবই আনফরচুনেট।” সে আরও বলেছে, “আমি চাইব, তাদের যেন যোগ্য পোস্টে তাড়াতাড়ি ফেরানো হয়”।

রাজ্যে হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি নিয়ে সঙ্কটে পড়েছেন। একই সঙ্গে অনেক স্কুল ও ছাত্রছাত্রীও পড়েছে মুশকিলে। অনেক ছাত্রই এই পরিস্থিতিতে শিক্ষকদের পরামর্শ পাওয়াটা মিস করছে। তেমনই আদৃতের মতো ছাত্রদের কাছে প্রিয় শিক্ষকদের হঠাৎ চাকরি হারানো নাড়া দিয়ে গিয়েছে।

আদৃতের টিপস

পড়াশোনায় বরাবরই ভাল আদৃত। দিনে ৮-১০ ঘণ্টা করে পড়াশোনা তো করাই হত। তবে সে জানাল, “অমন বাঁধাধরা সময় নয়, সময় পেলেই পড়তে বসে যেতে হবে”। আগামী দিনের পরীক্ষার্থীদের জন্য আদৃত বেশ কিছু পরামর্শও দিয়েছে। তার মতে, “বাঁধা ধরা সময় মেপে পড়াশোনা করার থেকে নিজের ইচ্ছে রাখতে হবে। বছরের প্রথম থেকেই মন দিয়ে পড়াশোনা করে যেতে হবে।”

এবারের ফলাফল কেমন হল?

গত ২ মে প্রকাশিত হয়েছে, দুহাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা থেকে পাসের হার, এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। মাধ্যমিক পরীক্ষার ৭০ দিনের মাথায় রেজাল্ট আউট হয়েছে। গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ, গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ।

পাসের হারের নিরিখে কোন জেলা কোন স্থানে?

পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর, ৯৬.৪৬ শতাংশ। পাসের হারের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, ৯২.৩০ শতাংশ। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ৯০.৫২ শতাংশ।

শুধুমাত্র পড়াশোনাতেই নয়, চারিপাশের ঘটনা সম্পর্কেও সচেতন রাজ্যের সেরা এই ছাত্র। তার এই মন্তব্য অনেককেই ভাবিয়ে তুলেছে।