পহেলগাঁও হামলার পর এবার সাইবার অ্যাটাক পাকিস্তানের! সিন্ধু চুক্তি নিয়ে যুদ্ধের হুঁশিয়ারি বিলাবল ভুট্টোর

পহেলগাঁও-এ ২৫ জন নিরীহ হিন্দুকে নির্বিচারে হত্যা করার পর ভারত জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ঘৃণ্য সন্ত্রাসের আবহেও পাকিস্তানের উস্কানি বন্ধ হচ্ছে না, যার প্রমাণ মিলেছে ভারতের উপর লাগাতার সাইবার আক্রমণের বাড়বাড়ন্ত এবং সে দেশের রাজনৈতিক নেতৃত্বের যুদ্ধংদেহী মনোভাবে।

সম্প্রতি সামনে আসা তথ্য অনুযায়ী, পহেলগাঁও হামলার পর থেকে ভারতের উপর প্রায় ১০ লক্ষ সাইবার হামলা চালানো হয়েছে। মহারাষ্ট্র সাইবার উইংসের তরফে জানানো হয়েছে, এই হামলাগুলি একাধিক দেশ থেকে সংঘটিত হয়েছে এবং এর মধ্যে পাকিস্তানের থেকে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে সর্বাধিক। কাশ্মীরে এই জঙ্গি হামলার পর সাইবার অ্যাটাকের সংখ্যা আরও বেড়েছে বলেই জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ।

মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্টের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যশস্বী যাদব বলেছেন, “পহেলগাঁও হামলার পর সাইবার অ্যাটাক বেড়েছে। ভারতের একাধিক ওয়েবসাইট এবং পোর্টালে সাইবার হামলা চালান হচ্ছে। পাকিস্তান ছাড়াও মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া এবং মরক্কো থেকেও হামলা চালানো হয়েছে।” তিনি যোগ করেন যে, কিছু হ্যাকিং গ্রুপ নিজেদের ইসলামপন্থী গ্রুপ বলে দাবি করেছে এবং এটি সম্ভবত একটি সাইবার যুদ্ধ হতে পারে।

তবে স্বস্তির খবর হলো, মহারাষ্ট্র সাইবার এই আক্রমণগুলিকে অনেকাংশেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। সমস্ত সরকারি বিভাগের সাইবার পরিকাঠামো শক্তিশালী করার জন্য একটি নোডাল অফিস পরামর্শও প্রস্তুত করেছে।

অন্যদিকে, পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে ভারত সরকার কর্তৃক ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পর পাকিস্তান থেকে তীব্র প্রতিক্রিয়া আসছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টো জারদারি ফের একবার পুরনো সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “সিন্ধু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত। হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি।” ভারতের এই সিদ্ধান্ত তাঁরা মানেন না জানিয়ে বিলাবল বলেন, সিন্ধু তাঁদের ইতিহাস। সিন্ধু আক্রান্ত হলে যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে।

পহেলগাঁও সন্ত্রাসে পাকিস্তানের মদত স্পষ্ট হয়ে যাওয়ার পর থেকে, এমনিতেই ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় রয়েছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার পর কড়া বার্তা দিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর ভারতীয় সেনাবাহিনীও জলে, স্থলে, অন্তরীক্ষে মহড়া আরও জোরদার করেছে। এই আবহে বিলাবলের হুঁশিয়ারি নিঃসন্দেহে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে। তিনি বলেছেন, “ধমকি দিলে আমরাও যুদ্ধের জন্য তৈরি। তার জন্য চরম সীমায় যেতেও প্রস্তুত।”

কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদত দেওয়া এবং ভারতের উপর সাইবার আক্রমণের চেষ্টার পাশাপাশি পাকিস্তানের এই ধরনের যুদ্ধংদেহী মন্তব্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।