২০২৫-মাধ্যমিক পাশের হার ৮৬.৫৭ %, কোন জেলায় সর্বোচ্চ? কলকাতা কত স্থানে রয়েছে জানেন?

অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ, শুক্রবার সকালে পর্ষদের পক্ষ থেকে ফল ঘোষণা করা হয়েছে। সকাল ৯টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৬৯ দিনের মাথায় ফল প্রকাশ করে পর্ষদ একটি নজির স্থাপন করেছে। এই বছর মোট ৮৬.৫৭ শতাংশ পরীক্ষার্থী মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন ছাত্রছাত্রী এবার পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল বেশি।

সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট ছাড়াও নির্দিষ্ট কিছু মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছে। পাশাপাশি, সকাল ১০টা থেকে স্কুলগুলি থেকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ শুরু হয়েছে।

২০২৫ সালের মাধ্যমিকের মেধাতালিকায় এবার মোট ৬৬ জন স্থান পেয়েছে। প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র আদৃত সরকার। সে মোট ৬৯৬ নম্বর পেয়েছে, যা শতাংশের নিরিখে ৯৯.৪%।

দ্বিতীয় স্থান অধিকার করেছে যুগ্মভাবে দুজন – মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন থেকে অনুভব বিশ্বাস এবং বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুল থেকে সৌম্য পাল। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় স্থান অধিকার করেছে কতুলপুর হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী। সে পেয়েছে ৬৯৩ নম্বর।

২০২৫ সালের মাধ্যমিকে জেলাভিত্তিক পাশের হার

জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে এই বছর প্রথম স্থান দখল করেছে পূর্ব মেদিনীপুর। নিচে জেলা অনুযায়ী পাশের হার উল্লেখ করা হলো:

১) পূর্ব মেদিনীপুর: ৯৬.৪৬ শতাংশ।
২) কালিম্পং: ৯৬.০৯ শতাংশ।
৩) কলকাতা: ৯২.৩ শতাংশ।
৪) পশ্চিম মেদিনীপুর: ৯১.৪১ শতাংশ।
৫) উত্তর ২৪ পরগনা: ৯০.০৮ শতাংশ।
৬) দক্ষিণ ২৪ পরগনা: ৮৯.৯৫ শতাংশ।
৭) হুগলি: ৮৯.৮৯ শতাংশ।
৮) হাওড়া: ৮৮.৭৫ শতাংশ।
৯) নদিয়া: ৮৮.৭৪ শতাংশ।
১০) পূর্ব বর্ধমান: ৮৫.০৫ শতাংশ।
১১) ঝাড়গ্রাম: ৮৪.৯৩ শতাংশ।
১২) কোচবিহার: ৮১.৬৩ শতাংশ।
১৩) মুর্শিদাবাদ: ৭৯.০২ শতাংশ।
১৪) মালদা: ৭৮.১৫ শতাংশ।
১৫) দার্জিলিং: ৭৮.০৫ শতাংশ।
১৬) দক্ষিণ দিনাজপুর: ৭৭.৯৬ শতাংশ।
১৭) পুরুলিয়া: ৭৭.৮৫ শতাংশ।
১৮) বাঁকুড়া: ৭৭.৭ শতাংশ।
১৯) বীরভূম: ৭৫.৪১ শতাংশ।
২০) পশ্চিম বর্ধমান: ৭৩.৮৭ শতাংশ।
২১) আলিপুরদুয়ার: ৭২.৭১ শতাংশ।
২২) উত্তর দিনাজপুর: ৭১.০৩ শতাংশ।
২৩) জলপাইগুড়ি: ৬৯.৪৭ শতাংশ।

সফল সকল পরীক্ষার্থীকে এবং তাদের শিক্ষক-শিক্ষিকাদের পর্ষদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।