“প্রত্যেক জঙ্গিকে বেছে বেছে খুঁজে বের করা হবে”, হুঁশিয়ারি দিয়েই দিলেন অমিত শাহ

পহেলগাঁওয়ে ২৬ জন হিন্দু পর্যটকের নির্মম হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “প্রত্যেক জঙ্গিকে বেছে বেছে খুঁজে বের করা হবে”

বৃহস্পতিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে জম্মু-কাশ্মীরের সাম্প্রতিক জঙ্গি হামলা প্রসঙ্গে প্রথমবার মুখ খোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই জঙ্গিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “এখনও কিছুই হয়নি, তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।”

অমিত শাহের বজ্রকঠিন ঘোষণা, “পহেলগাঁওয়ে যারা এই নৃশংস হামলা চালিয়েছে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা তাদের প্রত্যেককে খুঁজে বের করব। তারা যেন না ভাবে যে ২৬ জনকে হত্যা করে তারা জিতে গিয়েছে। তাদের প্রত্যেককে এর চরম মূল্য দিতে হবে।”

তিনি আরও বলেন, “প্রত্যেক অপরাধীর জবাবদিহি নিশ্চিত করা হবে। এটা নরেন্দ্র মোদীর সরকার, কাউকে ছাড়া হবে না। দেশের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করাই আমাদের অঙ্গীকার, এবং আমরা অবশ্যই সেই লক্ষ্য অর্জন করব।”

অনুষ্ঠানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জন হিন্দু পর্যটককে হত্যা করে। এই হামলার পেছনে পাকিস্তানের যোগসূত্র পাওয়া গেছে, যা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ভারত সরকার এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে, পাকিস্তানের সাথে সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছে এবং ভিসা পরিষেবা বন্ধ করে পাকিস্তানি নাগরিকদের দেশে ফিরে যেতে বলা হয়েছে।