বুধবার থেকেই ভক্তদের ভিড় দিঘার জগন্নাথ মন্দিরে, কতক্ষণ খোলা থাকবে মন্দিরের দরজা? জানালেন ইসকনের ভাইস প্রেসিডেন্ট

অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হলো দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। মন্দির খুলে যাওয়ার পর বুধবার থেকেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। আর আজ, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রার নিত্য পুজো ও ভোগ নিবেদনের পালা।

বুধবার শুভ ক্ষণে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। সামনে দেখা দেন নবপ্রতিষ্ঠিত জগন্নাথ, বলরাম ও শুভদ্রার বিগ্রহ। প্রভুর উদ্দেশ্যে নিবেদিত ভোগ সামনে রাখা ছিল। দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজোর থালা হাতে দেখা যায়।

ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটেয় শয়ন থেকে তোলা হয়েছে বিগ্রহদের। সকাল ছ’টা থেকেই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং রাত ৯’টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

তিনি আরও জানান, আজ থেকে প্রতিদিন মোট ৫ বার ভোগ নিবেদন করা হবে। বৃহস্পতিবার সকালের ভোগে দেওয়া হয়েছে লুচি আর মিষ্টি। দুপুরে রাজভোগ দেওয়া হবে, যা ছাপ্পান্ন ভোগ নামে পরিচিত।

পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে নতুন এই মন্দিরের তুলনা প্রসঙ্গে রাধারমণ দাস বলেন, ‘পুরীর সঙ্গে কেন অন্যরা তুলনা করছেন? জগন্নাথ ইন্ডিয়া, রাশিয়া বা উত্তরপ্রদেশের ভগবান নন। তিনি জগতের প্রধান।’ তাঁর এই মন্তব্যে জগন্নাথ দেবের সর্বজনীন রূপের উপর জোর দেওয়া হয়েছে।

দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর থেকেই মন্দির প্রাঙ্গণে উপচে পড়া ভীড় দেখা যাচ্ছে। সাধারণ মানুষ এবং ভক্তরা নতুন মন্দিরে এসে দর্শন ও পুজো দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং আজ থেকে নিত্য পুজো ও ভোগ শুরু হওয়ার মধ্যে দিয়ে দিঘা উপকূল পর্যটনের পাশাপাশি আধ্যাত্মিক মানচিত্রেও এক নতুন সংযোজন পেল।