গরমের ছুটি শেষ হবে কবে? দিনক্ষণ জানাল শিক্ষা দফতর, বিশেষ আপডেট পড়ুয়াদের জন্য !

তীব্র দাবদাহ থেকে পড়ুয়াদের রেহাই দিতে রাজ্য সরকার নির্ধারিত সময়ের আগেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল। গত ৩০ এপ্রিল থেকে রাজ্যের সরকারি, সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে এই ছুটি শুরু হয়েছে। কিন্তু প্রায় এক মাস কেটে গেলেও এখনও স্কুল কবে খুলবে, সেই বিষয়ে শিক্ষা দফতর কোনো নির্দিষ্ট নির্দেশিকা জারি করেনি। এর ফলে শিক্ষক ও পড়ুয়াদের একাংশ নতুন করে চিন্তায় পড়েছে।

চলতি বছর রাজ্য সরকারের ক্যালেন্ডার অনুযায়ী, গরমের ছুটি শুরু হওয়ার কথা ছিল ১২ মে এবং স্কুল পুনরায় খোলার কথা ছিল ওই মাসেরই ২৩ তারিখ। কিন্তু চৈত্র মাস থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত ৩ এপ্রিল নবান্ন থেকে ঘোষণা করেন যে, ৩০ এপ্রিল থেকেই গরমের ছুটি শুরু হবে। যদিও সে সময় স্কুল কবে খুলবে, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। পরের দিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আবহাওয়ার পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত স্কুল খোলার তারিখ ঘোষণা করা হবে।

মুখ্যমন্ত্রীর ঘোষণার প্রায় এক মাস কেটে গেছে এবং এই সময়ের মধ্যে কয়েক দফায় ঝড়বৃষ্টির ফলে রাজ্যের আবহাওয়া অনেকটাই সহনীয় হয়েছে। ভ্যাপসা গরমের দাপট কমে অস্বস্তিও অনেকটা কমেছে। কিন্তু আবহাওয়ার উন্নতি সত্ত্বেও শিক্ষা দফতর এখনও গরমের ছুটি শেষ করে স্কুল কবে খুলবে, সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। এই ‘অনির্দিষ্টকালের ছুটি’ নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে প্রশ্ন উঠেছে।

শিক্ষকদের একটি অংশের মতে, যখন আবহাওয়া সহনীয় হয়েছে, তখন এই ছুটি বাড়ানো ছাত্রছাত্রীদের জন্য ক্ষতিকর। বিশেষ করে আগামী বছর যারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, তাঁরা অনেকটাই চাপে পড়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, উচ্চমাধ্যমিকের মূল্যায়ন তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের উপর নির্ভর করবে, যার মধ্যে তৃতীয় সেমিস্টার আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা। কিন্তু এখনও উচ্চমাধ্যমিকের বাংলা পাঠ্যপুস্তক হাতে আসেনি। সংসদ অবশ্য জানিয়েছে বই ছাপার কাজ চলছে, তবে এই মুহূর্তে বহু শিক্ষার্থী সংসদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে পড়াশোনা করতে বাধ্য হচ্ছেন। ইংরেজি বইয়ের কিছু নতুন অংশের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। এই পরিস্থিতিতে ছুটি দীর্ঘায়িত হওয়ায় পাঠ্যক্রম শেষ করা নিয়ে উদ্বেগ বাড়ছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য জানিয়েছে, গরমের ছুটির মধ্যেই তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী এই পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘ছাত্রছাত্রীরা আমাদের জিজ্ঞেস করছে, বিদ্যালয় কবে খুলবে? আমাদের কাছে এর কোনও জবাব নেই।’ তাঁর মতে, শিক্ষা দফতর বিদ্যালয় নিয়ে যে মনোভাব দেখাচ্ছে, তাতে সরকারি বিদ্যালয়গুলি আরও বেশি রুগ্ন হয়ে পড়ছে এবং এভাবে চলতে থাকলে সরকারি স্কুল পড়ুয়া হারাবে। তিনি আরও বলেন, বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই, এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য ছুটি শিক্ষকরা পাঠ্যক্রম শেষ করাতে পারছেন না, যার ফলে অনেক পড়ুয়াই বেসরকারি বিদ্যালয়ে চলে যেতে চাইছে।

তীব্র গরম থেকে রেহাই দিতে ছুটি এগিয়ে আনার রাজ্য সরকারের সিদ্ধান্ত স্বাগত হলেও, আবহাওয়ার উন্নতির পরও ছুটির নির্দিষ্ট তারিখ ঘোষণা না করায় তৈরি হয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। আবহাওয়ার এই গতিপ্রকৃতির দিকে নজর রেখে শিক্ষা দফতর দ্রুত স্কুল খোলার বিষয়ে কোনো ঘোষণা করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অনিশ্চয়তা দূর করে কিনা, সেটাই এখন দেখার।