ভারতের যুদ্ধ তৎপরতা দেখে অতি সক্রিয় পাক জঙ্গি সংগঠনগুলি, ‘হাই অ্যালার্ট’ জারি, হামলার ছক কষছে লস্কর-জয়েশ !

পহলগাম কাণ্ডের পর ভারতীয় সেনার যুদ্ধ তৎপরতা এবং পাল্টা আঘাত হানার প্রস্তুতি দেখে অতি সক্রিয় হয়ে উঠেছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবা (LeT) ও জয়েশ-ই-মহম্মদ (JeM)। দেশের শীর্ষ গোয়েন্দা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দুই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্ব থেকে ভারতে ঘাপটি মেরে থাকা তাদের সদস্যদের জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বড়সড় নাশকতার ছক কষা হচ্ছে।
সংবাদ মাধ্যম সিএনএন-নিউজ এইটটিনকে দেশের শীর্ষ গোয়েন্দা সূত্র এই খবর জানিয়েছে। তাদের মতে, লস্কর ও জয়েশ দুই জঙ্গি সংগঠনই এদেশে লুকিয়ে থাকা তাদের সদস্যদের যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরামর্শ অনুযায়ী কাজ চালানোর নির্দেশও এসেছে ওই দুই সংগঠন থেকে। ভারতে চুপ করে বসে থেকে সেখানকার পরিস্থিতির খবর এবং পাকিস্তানি সেনাবাহিনীর প্রয়োজন অনুসারে তথ্য ও খবরাখবর জোগানোর কঠোর নির্দেশ দিয়েছে লস্কর-জয়েশের শীর্ষ নেতৃত্ব।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, জঙ্গিদের ওপারের ‘ভাইজান’রা এদেশের লুকিয়ে থাকা সদস্যদের নির্দেশ দিয়েছে, ভারত যদি কোনও চরম পদক্ষেপ করে বা বড়সড় আঘাত হানে, তাহলে তার পাল্টা হিসেবে দেশের ভিতরে হামলা চালানোর জন্য তৈরি থাকতে হবে।
বিশেষ করে যারা ভারতীয় এলাকার পিরপঞ্জাল পর্বতশ্রেণীর কাছাকাছি লুকিয়ে রয়েছে, তাদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশ এসেছে ওপার থেকে। তাদের বলা হয়েছে, যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তাহলে নাশকতার মাধ্যমে পণ্য ও সেনা পরিবহণের জন্য ব্যবহৃত সমস্ত হাইওয়ে যে কোনও পদ্ধতিতে বন্ধ করে দিতে হবে। এর মূল উদ্দেশ্য হলো যুদ্ধের সময় সীমান্তের দিকে ভারতীয় পদাতিক সেনা, খাদ্য, ওষুধ এবং যুদ্ধাস্ত্র সরবরাহকে বিঘ্নিত করা।
এছাড়াও আরও চাঞ্চল্যকর নির্দেশ এসেছে। যেভাবে জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী একের পর এক জঙ্গিদের গোপন ঘাঁটি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে, ঠিক সেভাবেই কাশ্মীরে নিরাপত্তা আধিকারিকদের বাড়ি উড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জঙ্গিদের। সংগঠনগুলি হামলা চালানোর জন্য জঙ্গিদের নিজস্ব কায়দা ও পদ্ধতি ব্যবহারের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহ করা হচ্ছে যে, ভারতীয় সেনার সম্ভাব্য প্রত্যাঘাতের আগেই এই জঙ্গি সংগঠনগুলি ফের বড়সড় হামলা চালানোর পরিকল্পনা করছে। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরে এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই ঘটনা প্রমাণ করে, পাকিস্তান ও তাদের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ভারতের শান্তি ও নিরাপত্তার জন্য এখনও বড় হুমকি হয়ে রয়েছে।