টানা সাত রাত যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যোগ্য জবাব ভারতেরও, ক্রমশ ছড়াচ্ছে উত্তেজনা !

ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। এই নিয়ে টানা সাত রাত ধরে ভারতের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা। ভারতীয় সেনাও যোগ্য জবাব দিয়ে পাল্টা গুলিবর্ষণ করছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

সেনা সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের সীমান্ত বরাবর পাকিস্তান লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। পহেলগাঁও হামলার পর থেকে টানা সাত দিন ধরে এই পরিস্থিতি চলছে। সীমান্তের একাধিক সেক্টরে রাতের অন্ধকারে বিনা প্ররোচনায় ছোট বন্দুক থেকে গুলিবর্ষণ করছে পাক রেঞ্জার্স ও সেনাবাহিনী।

বুধবার রাতে ফের সীমান্তের একাধিক জায়গায় বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করে পাক সেনা। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখার উরি এবং আখনুর সেক্টরে ছোট বন্দুক থেকে গুলি চালানো হয়। ভারতীয় সেনাও তৎক্ষণাৎ এর কড়া ও পাল্টা জবাব দেয়। তবে সৌভাগ্যক্রমে, এই গোলাগুলিতে দু’‌পক্ষের কোনওদিকেই কোনও হতাহত হয়নি বলে জানা গেছে।

শুধু বুধবারই নয়, এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরেও বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। সোমবার রাতেও কাশ্মীরের কুপওয়াড়া ও বারামুলা সেক্টরে একই ধরনের ঘটনা ঘটেছিল। তার আগে হামলা চলেছিল পুঞ্চ সেক্টরেও।

এদিকে, পাকিস্তানের এই লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে মঙ্গলবারই পাক সেনাকে কড়াভাবে সতর্ক করেছিল ভারতীয় সেনা। মঙ্গলবার দুপুরে হটলাইনে দুই দেশের সেনা আধিকারিকদের মধ্যে কথা হয়। সেখানেই ইসলামাবাদকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, সীমান্তে সংঘর্ষ নিয়ে যেন তারা সতর্ক হয় এবং যুদ্ধবিরতি মেনে চলে। কিন্তু তারপরেও পাকিস্তান গুলি চালানো বন্ধ করেনি, বুধবারও একই ঘটনা ঘটিয়েছে তারা।

লাগাতার এই গুলিবর্ষণের ঘটনা প্রসঙ্গে বিশেষজ্ঞ মহল বিভিন্ন কারণ অনুমান করছেন। অনেকের মতে, উপত্যকায় ভারতীয় সেনার তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে অধিকৃত কাশ্মীর (PoK) এলাকায় ফিরিয়ে নিতেই এই কৌশল নিয়েছে পাক সেনা। সীমান্তে ভারতীয় সেনাকে গোলাগুলিতে ব্যস্ত রেখে সেনার সামান্য অসতর্কতার সুযোগে জঙ্গিরা যাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যেতে পারে, এটাই হয়তো তাদের উদ্দেশ্য। আবার অনেকের মতে, ভারতীয় সেনার নজর অন্য গুরুত্বপূর্ণ এলাকা থেকে অন্যদিকে ঘোরানোর জন্যই পাকিস্তান ক্রমাগত গুলি চালাচ্ছে।

পাকিস্তানের এই লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ভারতের পাল্টা জবাবের জেরে সীমান্ত এলাকায় পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। ইসলামাবাদ কবে এই ধরনের উস্কানিমূলক কার্যকলাপ বন্ধ করবে, সেটাই এখন দেখার।