‘ঈশ্বর তোমার মঙ্গল করুন’, জড়িয়ে ধরে মাথায় হাত রাখলেন কিং খান, আবেগে ভাসলেন ভক্ত তরুণী !

বলিউড বাদশাহ শাহরুখ খানের অনুরাগীর সংখ্যা অগণিত, এবং অনেক ভক্তের কাছেই তাঁর দর্শন পাওয়া স্বপ্নের মতো। প্রিয় তারকাকে সামনে পেলে ভক্তরা আবেগে আপ্লুত হয়ে পড়েন, এমন ঘটনা নতুন নয়। সম্প্রতি এমনই এক তরুণী ভক্তের সঙ্গে শাহরুখ খানের দেখা হয়, আর প্রিয় তারকাকে সামনে পেয়ে তিনি আবেগে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে কেঁদে ফেলেন। শাহরুখও তাঁকে খালি হাতে ফেরাননি, আলিঙ্গন করে মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন।
জানা গেছে, শাহরুখের জবরদস্ত ভক্ত ঐ তরুণী হঠাৎ করে কিং খানের সামনে পড়ে যান। প্রিয় তারকাকে একেবারে সামনে দেখে তিনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কী করবেন, তা বুঝে উঠতে না পেরেই তিনি একবার প্রিয় তারকাকে জড়িয়ে ধরতে চান। ভক্তের এই আন্তরিক আরজি শুনে শাহরুখ খানও পিছপা হননি, বরং ওই তরুণীকে আলিঙ্গন করেন এবং স্নেহের পরশ বুলিয়ে মাথায় হাত রাখেন।
এরপর শাহরুখ তরুণীর মাথায় হাত রেখে বলতে শুরু করেন, “ঈশ্বর তোমার মঙ্গল করুন।” প্রিয় তারকার মুখ থেকে এমন আশীর্বাদ শুনে আপ্লুত ঐ তরুণী আবেগে আরও বেশি করে ভেসে যান এবং অঝোরে কাঁদতে শুরু করেন। কিং খানকে সামনে পেয়ে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি যে, তাঁর সঙ্গে একটি ছবি তোলার কথাও ভুলে যান। আবেগে ভেসে গিয়ে শাহরুখকে আলিঙ্গন করে তিনি কেবল কেঁদেই যান, চোখ থেকে ঝরঝর করে জল গড়াতে শুরু করে।
ঐ আবেগঘন মুহূর্তের একটি ভিডিও বর্তমানে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটি কোথাকার, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। তবে কিং খানের ঐ মহিলা ভক্তের ভালোবাসা এবং তাঁর কান্না দেখে সমাজমাধ্যমে বহু মানুষ আবেগে ভেসে গিয়েছেন এবং ভিডিওটি শেয়ার করছেন। এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিল ভক্তদের কাছে শাহরুখ খানের আবেদন ঠিক কতটা গভীর।