গ্রাহককে ভুল করে ‘I Love You’ বলায় যা ঘটল? ক্লায়েন্টের ইমেল পেয়ে হতবাক এই কর্মী

ভুল করে কাউকে মেসেজ পাঠানোর অভিজ্ঞতা অনেকেরই আছে। তবে কাজের ক্ষেত্রে, বিশেষ করে গ্রাহকের সঙ্গে কথা বলার সময় আমরা সাধারণত সতর্ক থাকি। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি গ্রাহকের সঙ্গে ফোনে কথা বলার সময় মুখ ফসকে ‘আই লাভ ইউ’ বলে ফেলায় এক অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি হয়েছে।
রেডিট (Reddit)-এ নিজের এই অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই ব্যক্তি। তিনি জানান, ফোনে এক গ্রাহকের সঙ্গে কথা বলার সময় একেবারে শেষের দিকে, যখন তিনি ফোন কাটতে যাচ্ছিলেন, তখন অসাবধানতাবশত তার মুখ থেকে ‘আই লাভ ইউ’ কথাটি বেরিয়ে আসে। এমন ভুল করার পর তিনি রীতিমতো লজ্জিত হয়ে পড়েন। সেই অবস্থায় ফোন কাটতে গিয়ে তিনি ওপারে হাসির শব্দ শুনতে পান। এতে তার লজ্জা আরও কয়েকগুণ বেড়ে যায়।
তবে এরপর যা ঘটে, তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। তিনি জানান, কিছুক্ষণ পর তিনি সেই গ্রাহকের কাছ থেকে একটি ইমেল পান। ইমেলের বিষয় ছিল ‘Love You’। কৌতূহলী হয়ে তিনি যখন ইমেলটি খোলেন, তখন তিনি আরও অবাক হন। ইমেলে ওই গ্রাহক যা লিখেছিলেন, তা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ইমেলে ওই গ্রাহক লেখেন, ‘আপনি ভুল করে আই লাভ ইউ বললেন যখন, আমি কিন্তু ব্যঙ্গ করে হাসিনি। আসলে আমার খুব মজা লেগেছিল। কারণ আমিও আগে এমন ভুল করেছি। এটা হতেই পারে। আমি খুশি যে আপনার জীবনে যথেষ্ট ভালোবাসা রয়েছে, যে কারণে স্বাভাবিকভাবেই ওই প্রতিক্রিয়া আপনার মুখ থেকে বেরিয়ে এসেছে। আমার মনে হয়, আপনার গর্ববোধ করা উচিত। আপনার সপ্তাহান্ত ভালো কাটুক।’
রেডিটে এই পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনরা ওই ব্যক্তি এবং গ্রাহক উভয়েরই প্রশংসা করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, আজকাল ভালোবাসার কথা বলার লোকের সংখ্যা যেখানে কমছে, সেখানে এই ঘটনা সত্যিই মনে রাখার মতো। কেউ কেউ ওই গ্রাহকের পরিণত মানসিকতারও ভূয়সী প্রশংসা করেছেন। যে ঘটনায় অপ্রস্তুত হওয়ার কথা ছিল, তা শেষ পর্যন্ত দু’জনের মধ্যে এক সুন্দর বোঝাপড়ার সৃষ্টি করেছে, যা অনেকের কাছেই দৃষ্টান্তস্বরূপ।