AC-সারারাত চালিয়েও বিদ্যুৎ খরচ কমাবেন যেভাবে, জেনেনিন কয়েকটি বিশেষ টিপস

গরমকালে এয়ার কন্ডিশনার (AC) আমাদের আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তীব্র গরমে এসি ছাড়া আরাম করাই কঠিন। তবে এসি ব্যবহারের সময় সবচেয়ে বেশি দুশ্চিন্তার বিষয় হচ্ছে বিদ্যুতের বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া। কিন্তু কয়েকটি সহজ কৌশল অবলম্বন করলে এবং এসি-র মোডগুলো সম্পর্কে ভালোভাবে জানলে আপনি সারারাত এসি চালিয়েও বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারবেন। এছাড়া সচেতনতা অবলম্বন করলে এসির কার্যকারিতাও বজায় থাকে।
জেনে নিন এসি ব্যবহারে বিদ্যুৎ খরচ কমানোর কার্যকরী কৌশলগুলি:
সঠিক তাপমাত্রা সেট করুন: অনেকেই এসি-র তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রি সেলসিয়াসে সেট করে রাখেন। তাৎক্ষণিক আরাম পেলেও ঘুমোনোর সময় এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং বিদ্যুতের ব্যবহার অনেক বাড়িয়ে দেয়। আদর্শ স্লিপ টেম্পারেচার হল ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আরামদায়ক ঘুম হয় এবং বিদ্যুতের বিলও অনেকটাই কমে যায়।
টাইমার অথবা স্লিপ মোড ব্যবহার করুন: বহু আধুনিক এসি-তেই স্লিপ মোড অথবা টাইমার সেটিংস থাকে, যা দুর্ভাগ্যবশত অনেক ব্যবহারকারী কাজে লাগান না। এসি কেনার সময় যেহেতু এই ফিচারগুলির জন্য মূল্য দেওয়া হয়েছে, তাই সেগুলিকে ব্যবহার করা উচিত। এই ফিচারগুলি স্বয়ংক্রিয়ভাবে সারা রাত ধরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ঘর অতিরিক্ত ঠান্ডা হওয়া থেকে রক্ষা করে এবং বিদ্যুৎ সাশ্রয় করে।
শুষ্ক বাতাস মোকাবিলায় হিউমিডিফায়ার: এসি যদি আট ঘণ্টারও বেশি সময় ধরে একটানা চালানো হয়, তাহলে বিদ্যুতের বিল তো বাড়েই, সেই সঙ্গে ঘরের বাতাসও শুষ্ক হয়ে যায়। এর সমাধান হলো ঘরে একটি হিউমিডিফায়ার রাখা, যা ঘরের আর্দ্রতা সঠিক রাখতে সাহায্য করবে।
বিছানার খুব কাছে এয়ার ভেন্ট রাখবেন না: নিশ্চিত করুন যেন ঠান্ডা বাতাস প্রবাহ সরাসরি আপনার বিছানায় না পৌঁছয়। অবিরাম ঠান্ডা বাতাস শরীরের উপর পড়লে স্টিফ নেক, মাথাব্যথা এবং গলা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্য এবং আরামের জন্য এসি ইউনিট থেকে আপনার বিছানা ৩-৪ ফুট দূরে স্থাপন করার চেষ্টা করুন।
এসি ফিল্টার নিয়মিত পরিষ্কার করুন: নোংরা এসি ফিল্টার থেকে ধুলা, ব্যাকটেরিয়া এবং অ্যালার্জি সৃষ্টিকারী কণা ছড়াতে পারে, যা অ্যাজমা অথবা অ্যালার্জির রোগীদের জন্য বিশেষভাবে বিপজ্জনক। এছাড়াও নোংরা ফিল্টার এসির কার্যকারিতা কমিয়ে দেয় এবং বিদ্যুৎ খরচ বাড়ায়। তাই প্রত্যেক মাসে ফিল্টার পরিষ্কার করা অথবা তা বদলানো অত্যাবশ্যক। এতে এসির কর্মক্ষমতা বজায় থাকবে।
রুম ইনসুলেশন ঠিক রাখুন ও বাতাস চলাচলে সহায়তা করুন: দুর্বল তাপ নিরোধক বা রুমের সঠিক ইনসুলেশন না থাকলে এসি ব্যবহারে শক্তির অপচয় হয়। ঘরের দরজা এবং জানলা ঠিকভাবে বন্ধ আছে কিনা, সেটা দেখে নিতে হবে। রোদের তাপ সরাসরি ঘরে যাতে না আসে, তার জন্য ঘন পর্দা ব্যবহার করুন। এতে ঘরের মধ্যে ঠান্ডা বাতাস থাকবে এবং এসির উপর কম চাপ পড়বে। এর পাশাপাশি, ঘরের মধ্যে ঠান্ডা বাতাস ভালোভাবে চলাচলের জন্য হালকা গতিতে সিলিং ফ্যান চালিয়ে রাখতে পারেন।
এই সহজ কৌশলগুলি মেনে চললে আপনি গরমের দিনে আরামদায়ক ঠান্ডা উপভোগ করার পাশাপাশি বিদ্যুতের বিলও নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া