“ইন্ডিয়া পোস্টের খরচ ৩৫ হাজার কোটি, সেখানে আয় ১৪ হাজার কোটি টাকা”-জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

বর্তমানে বিপুল আর্থিক ক্ষতির বোঝা মাথায় নিয়ে চলা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়া পোস্টকে আগামী পাঁচ থেকে ছ’বছরের মধ্যে একটি লাভজনক সংস্থায় পরিণত করার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা স্থির করেছেন কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই লক্ষ্য পূরণের জন্য তাঁর মন্ত্রক ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী সিন্ধিয়া ইন্ডিয়া পোস্টের বর্তমান আর্থিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমানে ইন্ডিয়া পোস্টের বছরে খরচের অঙ্ক প্রায় ৩৫ হাজার কোটি টাকা থেকে ৩৬ হাজার কোটি টাকা। সেখানে আয়ের অঙ্ক ১২ হাজার কোটি টাকা থেকে ১৪ হাজার কোটি টাকার মতো। এর ফলে সরকারকে প্রায় ২২ হাজার কোটি টাকার বোঝা বইতে হয়।”

এই ক্ষতির বোঝা কমিয়ে ইন্ডিয়া পোস্টকে আগামী পাঁচ-ছ’বছরের মধ্যে লাভজনক সংস্থায় পরিণত করার লক্ষ্যমাত্রা স্থির করে মন্ত্রী বলেন, “ইতিমধ্যেই কাজ শুরু করা হয়েছে এবং আমার জন্য এটি একটি বিরাট প্রকল্প। শুধু তাই নয়, এর সঙ্গে আমার আবেগ জড়িয়ে রয়েছে।” তিনি বিশ্বাস করেন যে, প্রচুর কাজের মাধ্যমে আগামী দিনে ইন্ডিয়া পোস্ট আরও দক্ষ হয়ে উঠবে এবং “সে ক্ষেত্রে আর একটি ডিএইচএল, ইউএসপিএস বা জাপান পোস্টে পরিণত হবে ইন্ডিয়া পোস্ট।”

এই লক্ষ্য পূরণের জন্য ডাক বিভাগের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নতুন করে সাজানো এবং ভালো করে কাজ করার জন্য আলাদা আলাদা বিভাগ তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। এই পদক্ষেপগুলি ইন্ডিয়া পোস্টের কার্যকারিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

একই সাক্ষাৎকারে স্যাটকম প্রসঙ্গে সিন্ধিয়া বলেন যে, প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত টেলিকম সংস্থাকেই স্যাটেলাইটের স্পেকট্রাম দেওয়া হবে। ইলন মাস্কের স্টারলিঙ্ক প্রসঙ্গে তাঁর মন্তব্য, সংস্থাটি সমস্ত নিয়ম পূরণ করলেই তাদের লাইসেন্স দেওয়া হবে। তিনি আরও দাবি করেন যে, গ্রাহকদের সুযোগের পরিধি বাড়াতে সুরক্ষিত, নিশ্চিত এবং পূর্ণ সুবিধা দেওয়া হবে এবং মোবাইল ফোন শুধুই একটি গ্যাজেট নয়, বিপুল সুযোগের সম্ভার। ৫জি পরিষেবা শুরুর নিরিখে ভারত ইতিমধ্যেই সারা বিশ্বে প্রথমে রয়েছে বলেও তিনি জানান। মন্ত্রী দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন যে, “স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার কেবল সমতে সমস্ত ধরনের কানেক্টিভিটিতে ভারত এক নাম্বার স্থানে থাকবে।”

Editor001
  • Editor001