উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি, সাত জেলায় হবে কালবৈশাখী ঝড়! আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্যজুড়ে গরমের অস্বস্তি কমতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর এক বড় আপডেট দিয়ে জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত হতে পারে, যার প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই যে ঝড়-বৃষ্টি চলছে, তার তীব্রতা আগামী দিনগুলিতে কিছুটা কমতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনাও কম।
আগামীকাল, মঙ্গলবার, উত্তরবঙ্গের সব জেলাতেই অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা—সবখানেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে বুধবার থেকে উত্তরবঙ্গের শুধুমাত্র উপরের পাঁচটি জেলা – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ (সোমবার) ঝড়-বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে।
বিশেষ করে দক্ষিণবঙ্গের সাতটি জেলা – হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আজ কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আজ ভারী বৃষ্টিরও সতর্কতা রয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে।
তাপমাত্রা কমার সম্ভাবনা:
এই ঝড়-বৃষ্টির ফলে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিন থেকে চার দিনের মধ্যে রাজ্যজুড়ে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা অস্বস্তিকর গরম থেকে সাধারণ মানুষকে অনেকটাই স্বস্তি দেবে।