কুয়োতে চারচাকা পড়ে 10 জনের মৃত্যু, মর্মান্তিক পথ দুর্ঘটনা কেড়ে নিল একাধিক প্রাণ! কিভাবে ঘটল?

মধ্যপ্রদেশের মান্দসৌরে রবিবার এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে। একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইককে ধাক্কা মারে এবং তারপর রাস্তার পাশের একটি কুয়োর মধ্যে পড়ে যায়। এই ঘটনায় গাড়ির আরোহী, বাইক চালক এবং এক স্থানীয় উদ্ধারকারী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
ঘটনাটি ঘটেছে মান্দসৌর জেলার নারায়ণগড় থানা এলাকার কাছে খাচারিয়া গ্রামে। রতলম জেলার তাল থেকে একটি চারচাকা গাড়িতে করে কিছু লোক অন্তরী মাতাজি গ্রামের মন্দিরে দর্শনে যাচ্ছিলেন। জানা গেছে, তারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। খাচারিয়া চৌপাট্টিতে পৌঁছানোর আগেই তাদের বহনকারী গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। সেটি সজোরে বিপরীত দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মেরে ছিটকে রাস্তার পাশের একটি গভীর কুয়োয় গিয়ে পড়ে।
প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও চারজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০। নিহতদের মধ্যে চারচাকা গাড়িতে থাকা আটজন যাত্রী, বাইক আরোহী এবং কুয়োয় পড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসা কাছাড়িয়া গ্রামের এক স্থানীয় বাসিন্দা রয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হয়েছেন, যাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। মালহারগড়ের এসডিওপি নরেন্দ্র সোলাঙ্কি এবং অতিরিক্ত এসপি গৌতম সোলাঙ্কির নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু হয়। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে, যাত্রীদের বাঁচানোর চেষ্টা করার সময়ই স্থানীয় ওই বাসিন্দা প্রাণ হারান।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) থেকে একটি টুইটে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
Saddened by the loss of lives in an accident in Mandsaur, Madhya Pradesh. Condolences to those who have lost their loved ones. May the injured recover soon.
An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured would be given Rs.…
— PMO India (@PMOIndia) April 27, 2025
মালহারগড়ের এসডিওপি নরেন্দ্র সোলাঙ্কি জানিয়েছেন, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সিভিল সার্জন ডিকে শর্মা জানিয়েছেন।
গাড়িতে থাকা আহত যাত্রী গুড্ডি বাই জানান, তারা একটি বিয়ে থেকে ফিরে মন্দির দর্শনে যাচ্ছিলেন। কাছাড়িয়ার কাছে তাদের গাড়ি দুর্ঘটনার শিকার হয় এবং কুয়োয় পড়ে যাওয়ার পর তারা জ্ঞান হারিয়ে ফেলেন। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সরকারি সহায়তা ও আর্থিক সাহায্য প্রদানের আশ্বাস দিয়েছেন।