ভয়াবহ জঙ্গি হামলার পরেই কড়া পদক্ষেপ ! স্বল্পমেয়াদি ভিসা বাতিল, লক্ষাধিক টাকার জরিনামা পাক নাগরিকদের

জম্মু কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পরেই কড়া অবস্থান নিয়েছে ভারত সরকার। সে দেশের নাগরিকদের উপর কঠোর হয়ে স্বল্পমেয়াদি ভিসায় ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে ভারত না ছাড়লে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামের বৈসরন উপত্যকায় এক ভয়াবহ জঙ্গি হামলা হয়। ওই হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছিল, যাঁদের মধ্যে ২৫ জনই ছিলেন পর্যটক এবং ১ জন স্থানীয় বাসিন্দা। এই হামলার দায় ‘পাক জঙ্গি’দের উপর চাপানো হয়েছে। এই ঘটনার পরেই পাকিস্তানের নাগরিকদের জন্য ভারতের স্বল্পমেয়াদি ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার।
ভারতীয় বিদেশ মন্ত্রক কর্তৃক বাতিল করা ১২ ধরণের স্বল্পমেয়াদি ভিসার মধ্যে রয়েছে – আগমনের সময় ভিসা (Visa on Arrival), ব্যবসা (Business), চলচ্চিত্র (Film), সাংবাদিক (Journalist), ট্রানজিট (Transit), সম্মেলন (Conference), পর্বতারোহণ (Mountaineering), ছাত্র (Student), দর্শনার্থী (Visitor), দলগত পর্যটক (Group Tourist), তীর্থযাত্রী (Pilgrim) এবং দলগত তীর্থযাত্রী (Group Pilgrim)।
এই সকল ভিসাধারী পাকিস্তানি নাগরিকদের ভারত ত্যাগের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সার্ক ভিসায় ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের মেয়াদ ২৬ এপ্রিল পর্যন্ত ছিল। মেডিক্যাল ভিসায় আসা পাক নাগরিকদের মেয়াদসীমা ২৯ এপ্রিল পর্যন্ত। এছাড়াও, উল্লিখিত ১২ ধরণের ভিসার মেয়াদ ২৭ এপ্রিল, রবিবার শেষ হয়েছে।
এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও যদি কোনও পাকিস্তানি নাগরিক ভারত সরকারের নির্দেশ অমান্য করে এদেশে রয়ে যান, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নয়াদিল্লি হুঁশিয়ারি দিয়েছে। তাঁদের গ্রেফতার করে মামলা দায়ের করা হতে পারে এবং শাস্তি স্বরূপ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল অথবা তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডই দেওয়া হতে পারে।
পাক নাগরিকদের ভারতীয় ভিসার মেয়াদসীমা এখন একেবারে শেষলগ্নে। কিছু ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এরই মাঝে মুম্বইতে বসবাসকারী ১৭ জন পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করেছে মুম্বই পুলিশ। তাঁদের সকলকে যত দ্রুত সম্ভব ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে সমস্ত রকম কূটনীতিক ও ব্যবসা বন্ধ রয়েছে বলেও জানানো হয়েছে।