বিশেষ: ৮০ বছর পর বিশ্বের জনসংখ্যা কত হবে? জেনেনিন বিশ্ববাসীর অবাক করা পরিসংখ্যান?

বিশ্ব জনসংখ্যা নিয়ে জাতিসংঘের নতুন পূর্বাভাসে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে যেখানে বলা হয়েছিল জনসংখ্যা বৃদ্ধি ২০৮০-এর দশকে শীর্ষে পৌঁছে শতকের শেষ পর্যন্ত প্রায় স্থিতিশীল থাকবে, সেখানে নতুন রিপোর্টে বলা হচ্ছে জনসংখ্যা শিখরে পৌঁছনোর পর শতকের শেষ হওয়ার আগেই কমতে শুরু করবে। গত বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত ‘বৈশ্বিক জনসংখ্যা সম্ভাবনা ২০২৪’ (World Population Prospects 2024) শীর্ষক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮২০ কোটি।
প্রতি দুই বছর অন্তর জাতিসংঘ বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে। ২০২২ সালে প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনে জাতিসংঘ পূর্বাভাস দিয়েছিল যে, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি ২০৮০-এর দশক নাগাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে এবং ঐ সময় বিশ্বে মানুষের সংখ্যা হবে প্রায় ১ হাজার ৪০ কোটি। এরপর ২১০০ সাল পর্যন্ত এই স্তর প্রায় অপরিবর্তিত বা স্থিতিশীল থাকবে। কিন্তু ‘বৈশ্বিক জনসংখ্যা সম্ভাবনা ২০২৪’ প্রতিবেদনে এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে। নতুন রিপোর্ট অনুযায়ী, বর্তমান ৮২০ কোটি জনসংখ্যা আগামী ৬০ বছরে বাড়তে থাকবে এবং ২০৮৪ সালে এই সংখ্যা বেড়ে সর্বোচ্চ ১ হাজার ৩০ কোটিতে দাঁড়াতে পারে। এরপর শতক শেষ হওয়ার আগেই অর্থাৎ ২১০০ সালের মধ্যে জনসংখ্যা কিছুটা কমে প্রায় ১ হাজার ২০ কোটিতে নেমে আসবে। এটি পূর্বের পূর্বাভাসের তুলনায় একটি বড় পরিবর্তন, যা জনসংখ্যা বৃদ্ধির গতি কমাকেই নির্দেশ করছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কিত বিষয়ক আন্ডার সেক্রেটারি লি জুনহুয়া বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে সামগ্রিকভাবে বিশ্বের জনসংখ্যা বাড়লেও, বিশ্বের বেশ কিছু দেশে বিভিন্ন কারণে জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে কমে যাচ্ছে, বিশেষ করে চীনে জনসংখ্যা হ্রাসের প্রবণতা দেখা যাচ্ছে। তবে প্রতিবেদন অনুযায়ী, ১২৬টি দেশ এবং এলাকার জনসংখ্যা আগামী তিন দশক ধরে অর্থাৎ প্রায় ২০৫৪ সাল পর্যন্ত বাড়তে থাকবে। এই দেশগুলোর মধ্যে রয়েছে- ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের কিছু জনবহুল দেশ। এই দেশগুলিতে জনসংখ্যা বৃদ্ধির গতি কিছুটা কমলেও নিরন্তর বৃদ্ধি জারি থাকবে।
নতুন প্রতিবেদনের আরেকটি বড় আবিষ্কার হলো কোভিড-১৯ মহামারীর সময় সামান্য হ্রাস পেলেও পরবর্তীতে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু আবার বাড়ছে। প্রতিবেদন অনুযায়ী, বিশ্বব্যাপী, আজকে জন্মগ্রহণকারী একজন মানুষ গড়ে ৭৩ দশমিক তিন বছর বাঁচবে বলে আশা করা যায়, যা ১৯৯৫ সাল থেকে ৮ দশমিক ৪ বছর বেশি। মৃত্যুর হার আরো কমে যাওয়ার ফলে আগামী দশকগুলোতে গড় আয়ু আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদন বলছে, ২০৫৪ সালের মধ্যে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু প্রায় ৭৭ দশমিক চার বছর হতে পারে।
জাতিসংঘের এই নতুন রিপোর্ট বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির গতি কমে আসা এবং শতকের শেষে তা হ্রাসের পূর্বাভাস দিচ্ছে, যা ভবিষ্যৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন পরিকল্পনায় নতুন ধারণা যোগ করতে পারে। একইসঙ্গে বিশ্বব্যাপী মানুষের গড় আয়ু বৃদ্ধির প্রবণতা জনস্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রভাব ফেলবে।