২৬ নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নিল লস্কর জঙ্গিরা, পরমাণু যুদ্ধের হুমকি দিল পাকিস্তান

পহেলগাঁওয়ে পাকিস্তান মদতপুষ্ট লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফের জঙ্গিরা নিরীহ পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছে। এই ভয়াবহ ঘটনার পরেও পাকিস্তান সন্ত্রাস দমনে কোনো কঠোর ব্যবস্থা না নিয়ে উল্টে ভারতকে হুমকি দিচ্ছে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি ভারতকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকার ঔদ্ধত্যপূর্ণ হুঁশিয়ারি দিয়েছেন। শেহবাজ শরিফের মন্ত্রিসভার এই সদস্য প্রকাশ্যেই ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন।
তিনি দাবি করেন, পাকিস্তানের কাছে ১৩০টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে ঘোরি, শাহিন ও ঘাজনাভির মতো শক্তিশালী মিসাইল রয়েছে, সেগুলো শুধুমাত্র ভারতেই হামলা চালানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে তিনি এই ফাঁকা আওয়াজ দেন। সেখানে আব্বাসি বলেন, “যদি ভারত সিন্ধু জল চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করে দেয়, তবে তারা যেন পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য তৈরি থাকে।”
মন্ত্রীর আরও অবাস্তব দাবি, “পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলো কেবল সাজিয়ে রাখার জন্য নয়। দেশের বিভিন্ন গোপন আস্তানায় ক্ষেপণাস্ত্রগুলি এমনভাবে মজুত করা আছে যার অবস্থান কারোর জানা নেই। ১৩০টি ক্ষেপণাস্ত্র বিশেষভাবে ভারতের জন্যই রাখা হয়েছে। আমি আবারও পরিষ্কারভাবে বলছি, যদি ভারত পাঙ্গা নিতে আসে, তাহলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।” এভাবেই পাকিস্তান প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে চলেছে।
ভারত অতীতে বহুবার পাকিস্তানকে উচিত শিক্ষা দিলেও সন্ত্রাসবাদে মদত দেওয়া থেকে তারা বিরত হয়নি। উল্টে এই মন্ত্রীর দাবি, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পর্কে অবগত থাকার কারণেই ভারত নাকি আক্রমণ করতে সাহস পাচ্ছে না। নিজেদের দেশ যখন গৃহযুদ্ধে জর্জরিত, তখনও পাকিস্তানের মন্ত্রীর মুখে এমন বড় বড় কথা শোনা যাচ্ছে।
আব্বাসি আরও দাবি করেন, পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ফলে মাত্র ২ দিনের মধ্যেই ভারতের উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে এবং আগামী ১০ দিন এই পরিস্থিতি চললে নাকি ভারতের বিমান সংস্থাগুলো দেউলিয়া হয়ে যাবে – এমনই অলীক স্বপ্ন দেখছেন পাকিস্তানের এই মন্ত্রী। তিনি এও দাবি করেন যে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে ভারত নাকি নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।
অন্যদিকে, রেলমন্ত্রী আব্বাসি যখন এমন ভিত্তিহীন বড়াই করছেন, ঠিক তখনই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খয়াজা আসিফ কিন্তু পাকিস্তানকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর হিসেবে মেনে নিয়েছেন। এক সাক্ষাৎকারে আসিফ স্পষ্টভাবে স্বীকার করেছেন যে গত তিন দশক ধরে পাকিস্তান জঙ্গিগোষ্ঠীগুলোকে সমর্থন ও প্রশিক্ষণ দিয়ে এসেছে, যদিও তিনি এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ওপর দায় চাপানোর চেষ্টা করেছেন। তিনি বলেন যে তাদের ভুলের মাশুল আজ পাকিস্তান দিচ্ছে।
ভারত সিন্ধু জল চুক্তি সংক্রান্ত কিছু পদক্ষেপ নিয়ে পাকিস্তানকে কিছুটা চাপে ফেলেছে, আর তারই প্রতিক্রিয়ায় পাকিস্তানের মন্ত্রীদের কাছ থেকে এমন ভিত্তিহীন হুমকি এবং ফাঁকা আওয়াজ শোনা যাচ্ছে।২৬ নিরীহ পর্যটকের প্রাণ কেড়ে নিল লস্কর জঙ্গিরা, পরমাণু যুদ্ধের হুমকি দিল পাকিস্তান