কষ্টার্জিত জয়ে সুপার কাপের সেমিফাইনালে মুম্বই সিটি এফসি, ছাংতের একমাত্র গোল

সুপার কাপ ২০২৫-এর তৃতীয় কোয়ার্টার ফাইনালে রবিবার বিকেলে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইন্টার কাশী এবং মুম্বই সিটি এফসি। এক হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে মুম্বই। দলের হয়ে একমাত্র গোলটি করেছেন অধিনায়ক লালিয়ানজুয়ালা ছাংতে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে। ইন্টার কাশীর ব্রাইস, মারিওরা যেমন গোলের সুযোগ তৈরি করছিলেন, তেমনই মুম্বইয়ের ছাংতে, হিতেশ শর্মারাও পালটা চাপ বাড়াতে শুরু করেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই দলের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। ইন্টার কাশীর রক্ষণভাগ, বিশেষত অরিত্র, সার্থক এবং ডেভিড, মুম্বইয়ের দুই উইং দিয়ে আসা আক্রমণগুলিকে বেশ বুদ্ধি করেই সামলাচ্ছিল। মুম্বইয়ের ফরোয়ার্ড নৌফল এবং নিকোলাস বারবার বিপদসীমার মধ্যে ঢুকে চাপ বাড়ালেও প্রথমার্ধে গোলমুখ খুলতে ব্যর্থ হয়। অন্যদিকে, ইন্টার কাশীও এডমুন্ড ও প্রশান্তের মাধ্যমে একাধিক পাল্টা আক্রমণ শানানোর চেষ্টা করে, তবে মুম্বইয়ের ডিফেন্ডার মেহতাব সিং এবং ফ্র্যাঙ্কলিনের দৃঢ়তায় তাদের বেশিরভাগ প্রচেষ্টা আটকে যায়। দুই দলেরই বেশ কিছু শট হয় প্রতিপক্ষের জটলায় আটকে যায় অথবা গোলের বাইরে চলে যায়।

ম্যাচের মাঝে একটি অদ্ভুত ঘটনা ঘটে কলিঙ্গ স্টেডিয়ামে। হঠাতই মাঠে মৌমাছির উপদ্রব শুরু হওয়ায় খেলা দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়। পরিস্থিতি এমন হয় যে এক সহকারী রেফারিকে মাঠে শুয়ে পড়ে আত্মরক্ষা করতে দেখা যায়। মৌমাছির হানা থামার পর খেলা আবার শুরু হলে প্রথমার্ধে অতিরিক্ত ১৪ মিনিট যোগ করা হয়। দুর্ভাগ্যজনকভাবে এই অতিরিক্ত সময়ের মধ্যেই মুম্বইয়ের ডিফেন্ডার নাথান রডরিগেজ গুরুতর চোট পেয়ে মাঠ ছাড়েন এবং তাঁর বদলে ক্রোউমা মাঠে নামেন। গোলশূন্য অবস্থাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মুম্বই সিটি এফসি। নিকোলা এবং টোম্বারাও পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করেন। খেলার ৪৭ মিনিটে ইন্টার কাশীর গোলকিপার শুভম একটি দারুণ সেভ করে দলকে বাঁচান। এর ঠিক কিছুক্ষণ পরেই ৫২ মিনিটে মেহতাব সিংয়ের হেড বারপোস্টে লেগে প্রতিহত হয়। তবে লাগাতার আক্রমণের ফল মুম্বই পায় খেলার ৭২ মিনিটে। অধিনায়ক লালিয়ানজুয়ালা ছাংতে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। গোল হজম করার পর ইন্টার কাশীর আসিফ একটি হলুদ কার্ড দেখেন। খেলার ৮৪ মিনিটের মাথায় এডমুন্ডের দূরপাল্লার শট অনেকটা বাইরে চলে যায়, যা সমতা ফেরানোর একটি ভালো সুযোগ ছিল ইন্টার কাশীর জন্য।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ইন্টার কাশীর কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে মাত্র ১-০ গোলের জয় নিয়ে সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে যায় মুম্বই সিটি এফসি। ম্যাচের সেরা নির্বাচিত হন জর্জ ওর্টিজ।