সুরাতে চালু হল দেশের প্রথম গোল্ড কয়েন এটিএম, এবার এটিএম কার্ডেই কিনুন সোনা-রূপা

এটিএম থেকে শুধু টাকা নয়, এবার বের হবে সোনা বা রুপোর কয়েন! দেশের মধ্যে প্রথম এই অভিনব পরিষেবা চালু হলো গুজরাতের সুরাত শহরে। এই গোল্ড কয়েন এটিএম-এর মাধ্যমে এখন যে কোনও সময় সোনা বা রুপোর কয়েন কেনা সম্ভব। সাধারণ এটিএম-এর মতোই এটিও ২৪ ঘন্টাই খোলা থাকছে গ্রাহকদের জন্য।
‘গোল্ড কয়েন কোম্পানি’-র উদ্যোগে সুরাতে এই এটিএম মেশিনটি বসানো হয়েছে। এখানে এক গ্রাম থেকে শুরু করে পঁচিশ গ্রাম পর্যন্ত ওজনের সোনার কয়েন পাওয়া যাচ্ছে। সুরাতের ডি. কৌশল দাস জুয়েলার্স দোকানে এই বিশেষ এটিএমটি স্থাপন করা হয়েছে। দোকানের কর্ণধার দীপক চোকসি জানিয়েছেন, এর ফলে মানুষ গভীর রাতে বা ভোরের দিকেও তাদের প্রয়োজন অনুযায়ী সোনা বা রুপোর কয়েন কিনতে পারবেন। এটিএম কার্ড, বিভিন্ন ডিজিটাল পেমেন্ট পদ্ধতি অথবা ইউপিআই ব্যবহার করে এই কয়েন কেনা যাবে।
গোল্ড কয়েন কোম্পানির প্রধান প্রশাসনিক আধিকারিক প্রতাপভাই জানান, এই গোল্ড এটিএম মেশিনটির ওজন ৬০০ কেজি। মেশিন এবং ব্যবহারকারীদের সুরক্ষার জন্য এর চারপাশে একাধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে এই মেশিনে কোনও রকম জালিয়াতি করা সম্ভব নয়। আন্তর্জাতিক বাজারে সোনার দামের যে কোনও ওঠানামা এটিএম স্ক্রিনে তৎক্ষণাৎ দেখা যাবে। অত্যাধুনিক এই মেশিনটি থেকে প্রতিদিন সর্বোচ্চ ১০০টি সোনার কয়েন কেনা যেতে পারে।
প্রসঙ্গত, এর আগে ২০২২ সালে তেলেঙ্গানার হায়দরাবাদে দেশের প্রথম গোল্ড কয়েন এটিএম বসানো হয়েছিল। সাধারণত বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে ভারতীয়দের মধ্যে সোনা-রুপো কেনার প্রবণতা দেখা যায়। সেই সময় এই এটিএম মেশিনগুলি ব্যবহার করে সাধারণ মানুষ সহজেই এবং সুবিধাজনকভাবে সোনা বা রুপোর কয়েন কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।