“আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ করছি”-পহেলগাঁও-কাণ্ডে ক্ষুব্ধ বাংলার এই মুসলিম শিক্ষক, ধর্মত্যাগের সিদ্ধান্ত

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারন ভ্যালিতে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনায় ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণহানির পর গোটা দেশে ক্ষোভ ও শোকের আবহ তৈরি হয়েছে। সাধারণ মানুষের তরফে পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাতের দাবিও উঠেছে। এই পরিস্থিতিতে এই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক শিক্ষক। তিনি ইসলাম ধর্ম ত্যাগের ঘোষণা করেছেন।

বসিরহাটের বাদুড়িয়া পৌর এলাকার বাসিন্দা সাবির হোসেন পেশায় একজন শিক্ষক। তিনি স্বরূপনগর ব্লকের নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগের শিক্ষক। বৃহস্পতিবার, বিকাল থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে সাবির হোসেনকে বলতে শোনা যায়, “পাহেলগামের ঘটনার প্রতিবাদ জানিয়ে আমি আমার ইসলাম ধর্ম ত্যাগ করছি। এবং আমি মনে করি এইরকম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসা উচিত।” ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র তোলপাড় শুরু হয়।

এই বিষয়ে সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “এই সিদ্ধান্ত আমার সম্পূর্ণ নিজস্ব ও ব্যক্তিগত সিদ্ধান্ত। কারও চাপে পড়ে এই ধরনের সিদ্ধান্ত আমি নিইনি।” তার এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “বিগত বেশ কিছু বছর ধরে আমি দেখেছি যে সমস্ত জঙ্গি কার্যকলাপ গুলি দেশে হয়েছে, তার মধ্যে একটি বিশেষ সম্প্রদায়ের ভূমিকা সর্বাত্মক থাকে। তারই প্রতিবাদে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।” তিনি আরও জানান যে পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে ধর্মহীন বলে ঘোষিত করার ইচ্ছা রয়েছে তার।