টিভি প্রযুক্তির পেটেন্ট নিয়ে ন্যানোকো’র মামলায় এলজি, জেনেনিন পুরো মামলা সম্পর্কে?

টিভি প্রযুক্তির পেটেন্ট জেনেশুনে লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট এলজি ইলেকট্রনিক্স (LG Electronics) এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেছে ব্রিটিশ প্রযুক্তি প্রতিষ্ঠান ন্যানোকো (Nanoco)। রানকর্নভিত্তিক ন্যানোকো টেক্সাসের একটি আদালতে দায়ের করা মামলায় দাবি করেছে, এলজি তাদের কোয়ান্টাম ডট (Quantum Dot) প্রযুক্তি সংশ্লিষ্ট পেটেন্ট লঙ্ঘন করেছে।
কোয়ান্টাম ডট হলো এক ধরনের ন্যানোম্যাটেরিয়াল, যা মানুষের চুলের চেয়েও এক হাজার গুণ ছোট। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী, এদের মধ্য দিয়ে আলো প্রবেশ করলে তা মানুষের চোখে দৃশ্যমান রঙের পরিসীমাকে বাড়িয়ে তুলতে পারে, ফলে কোয়ান্টাম ডট আধুনিক টেলিভিশন তৈরির এক গুরুত্বপূর্ণ ও মূল প্রযুক্তি হয়ে উঠেছে।
সাধারণত কোয়ান্টাম ডট উৎপাদনের ফলে ‘ক্যাডমিয়াম’ নামে একটি বিষাক্ত ভারী ধাতু তৈরি হয়। তবে ন্যানোকো ক্যাডমিয়াম ছাড়াই কোয়ান্টাম ডট তৈরি করতে সফল হয়েছে। ব্যাপকহারে এটি উৎপাদনের জন্য কোম্পানিটি একটি সফল পদ্ধতিও তৈরি করেছে, যার জন্য তাদের পেটেন্টও রয়েছে। এই ক্যাডমিয়াম-মুক্ত প্রযুক্তি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর হওয়ায় এর বাণিজ্যিক মূল্য বেশি।
ন্যানোকো জানিয়েছে, এর আগেও দক্ষিণ কোরিয়ার আরেক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বিরুদ্ধে একই পেটেন্ট লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিল তারা। ওই সময় ন্যানোকোর পেটেন্ট যাচাই করে মার্কিন ‘পেটেন্ট ট্রায়ালস অ্যান্ড আপিল বোর্ড’ ন্যানোকোর পক্ষেই রায় দেয়। পরবর্তীতে ২০২৩ সালে ১৫ কোটি পাউন্ডে মামলাটি নিষ্পত্তি হয়।
এলজি’র বিরুদ্ধে দায়ের করা বর্তমান মামলায় ন্যানোকো বলেছে, এলজি জেনেশুনে তাদের ক্যাডমিয়াম-মুক্ত কোয়ান্টাম ডট প্রযুক্তি সম্পর্কিত পেটেন্ট লঙ্ঘন করেছে। এজন্য কোম্পানিটির বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দাবি করছে তারা। তবে এই পর্যায়ে তাদের দাবির জন্য কোনো নির্দিষ্ট আর্থিক মূল্য নির্ধারণ করেনি ন্যানোকো।
ন্যানোকোর চেয়ারম্যান ড. জালাল বাঘেরলি বলেছেন, “স্যামসাংয়ের মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে ওই সময়ই ন্যানোকো তার মেধাসম্পদের মূল্য ও বৈধতা প্রমাণ করেছে। ওই সময় ন্যানোকোর শেয়ারহোল্ডারদের জন্য একটি ন্যায্য ফলাফল নিশ্চিত করতে আমাদের মেধাসম্পদের অন্যান্য সম্ভাব্য লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমাদের উদ্দেশ্য পুনর্ব্যক্ত করেছি আমরা।” তিনি বলেন, “ক্ষতির ঝুঁকি থাকলেও মামলা নিজেই সহজাতভাকে যথেষ্ট ঝুঁকির এবং বোর্ডকে অবশ্যই সুযোগ বনাম খরচের বিষয়টি বিবেচনা করতে হবে। এক্ষেত্রে আমাদের ধারণা, সম্ভাব্য ক্ষতিপূরণ একটি যোগ্য সিদ্ধান্ত।” তিনি আরও যোগ করেন, “পারস্পরিক গ্রহণযোগ্য বাণিজ্যিক সমাধান খুঁজে বের করার জন্য ন্যানোকোর দ্বার সবসময়ই খোলা রয়েছে। তবে কোম্পানি ও এর শেয়ারহোল্ডারদের স্বার্থে আমাদের মূল সম্পদগুলোর একটিকে রক্ষার জন্যই এ সময় এমন পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ।”
এদিকে, এলজি’র একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করেছেন, “মামলাটি চলমান রয়েছে তাই এই পর্যায়ে এ বিষয়ে কোনো মন্তব্য করা আমাদের ঠিক হবে না।”
ক্যাডমিয়াম-মুক্ত কোয়ান্টাম ডট প্রযুক্তির পেটেন্ট নিয়ে ন্যানোকো এবং এলজি’র মধ্যে এই আইনি লড়াই আধুনিক টিভি বাজারের প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে এবং মেধাসম্পদের সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা পুনরায় সামনে এনেছে। এই মামলার ফলাফল আধুনিক ডিসপ্লে প্রযুক্তির ভবিষ্যৎ এবং পেটেন্ট সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।