অক্ষয় তৃতীয়ায় আপনার মূলাঙ্ক অনুযায়ী কিনুন কিছু জিনিস, বাড়বে সম্পদ, পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদও !

জ্যোতিষশাস্ত্রে মূলাঙ্কের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি ব্যক্তির জন্মতারিখ অনুযায়ী একটি মূলাঙ্ক নির্ধারিত হয়, যা তাঁর স্বভাব, ভাগ্য এবং জীবনের বিভিন্ন দিকের উপর প্রভাব ফেলে বলে মনে করা হয়। এই মূলাঙ্ক অনুযায়ী অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি জিনিস কেনা হয়, তাহলে মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করা যায় এবং জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। আর্থিকD দিক থেকেও লাভবান হওয়ার সম্ভাবনা থাকে।

চলুন জেনে নেওয়া যাক, কোন মূলাঙ্কের জাতক জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন কোন জিনিস কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং তাঁদের জীবনে উন্নতি ঘটবে:

মূলাঙ্ক ১: জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মূলাঙ্ক ১-এর জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন গম, যব বা যেকোনো প্রকার শস্য কেনা অত্যন্ত শুভ। এছাড়াও সোনা কেনাও তাঁদের জন্য খুব লাভদায়ক। সোনার চেন বা আংটি কিনতে পারেন।

মূলাঙ্ক ২: মূলাঙ্ক ২-এর ব্যক্তিদের অক্ষয় তৃতীয়ায় চাল ও নুন কেনা উচিত। এটি তাঁদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সম্ভব হলে রুপোর মুদ্রাও কিনতে পারেন। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং জীবনের সমস্ত আর্থিক সংকট ও দুঃখ দূর হয়।

মূলাঙ্ক ৩: মূলাঙ্ক ৩-এর জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ায় ধর্মগ্রন্থ কেনা শুভ। এছাড়া সোনার আংটি, কানের দুল বা পিতলের বাসন কেনা তাঁদের জন্য উপকারী হতে পারে। যেকোনো ধরনের কেনাকাটাই তাঁদের জন্য অত্যন্ত শুভ।

মূলাঙ্ক ৪: এই মূলাঙ্কের জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার দিন নারকেল কেনা শুভ। এছাড়াও উড়দ ডাল কিনতে পারেন, এতে শনি গ্রহের বিশেষ কৃপা লাভ করবেন। দেবী লক্ষ্মীর কৃপায় জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারবেন এবং অর্থ প্রাপ্তি নিশ্চিত হবে।

মূলাঙ্ক ৫: মূলাঙ্ক ৫-এর জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতে বাড়িতে তুলসী পাতা কিনে আনা অত্যন্ত শুভ। এছাড়াও বেলগাছ কিনতে পারেন। বাড়িতে বেলগাছ লাগানো হলে মা লক্ষ্মীর পাশাপাশি ভগবান শিবেরও বিশেষ কৃপা লাভ করা যায়।

মূলাঙ্ক ৬: মূলাঙ্ক ৬-এর ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ায় কড়ি কিনে আনতে পারেন। এতে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন। ঘি, শঙ্খ বা রুপোর গয়না ঘরে কিনে আনা তাঁদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে।

মূলাঙ্ক ৭: জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, মূলাঙ্ক ৭-এর জাতক জাতিকাদের এই অক্ষয় তৃতীয়ার দিন দুটি, সাতটি বা নটি নারকেল কেনা উচিত। এছাড়াও রুপোর গয়না কিনতে পারেন। এতে আপনার জীবনের অর্থ সংকট দূর হবে এবং জীবনে এগিয়ে যেতে পারবেন।

মূলাঙ্ক ৮: অক্ষয় তৃতীয়ায় মূলাঙ্ক ৮-এর জাতক জাতিকারা তিল কিনে ঘরে আনলে তা অত্যন্ত শুভ হবে। এতে দেবী লক্ষ্মী খুশি হবেন এবং জীবনে সুখ বজায় থাকবে। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে ও নেতিবাচক শক্তি দূর হবে।

মূলাঙ্ক ৯: মূলাঙ্ক ৯-এর ব্যক্তিরা অক্ষয় তৃতীয়ায় মাটির পাত্র বাড়িতে কিনে আনুন। যেকোনো ধাতুর জিনিস কেনা তাঁদের জন্য শুভ হবে। সম্ভব হলে সোনার জিনিসও কিনতে পারেন। এতে আপনার ভাগ্যের দ্বার খুলবে, অর্থ প্রাপ্তি হবে এবং মা লক্ষ্মীর কৃপায় জীবনে সমস্ত সুখ আসবে। কোনো কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।