২১ তলার ব্যালকনি থেকে নীচে পড়ে মৃত্যু ৭ মাসের শিশুপুত্রের, দোষ মায়ের !

মুম্বইয়ের ভিরার পশ্চিমে এক বহুতল আবাসনে ঘটেছে এক অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। একটি আবাসনের ২১ তলার ব্যালকনি থেকে নীচে পড়ে মৃত্যু হয়েছে মাত্র সাত মাসের এক শিশুর। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এমন ফুটফুটে, প্রাণবন্ত শিশুটি যে আর নেই, তা যেন বিশ্বাসই করতে পারছেন না আবাসিকরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর প্রায় ৩টে ১০ মিনিট নাগাদ। মৃত শিশুটির নাম দৃশান্ত সাদানে। সে ভিকি সাদানে (পেশায় হিসাবরক্ষক) এবং পূজা সাদানে (গৃহিণী) দম্পতির একমাত্র সন্তান ছিল। মুম্বইয়ের ভিরার পশ্চিমের জয়ভিল আবাসিক কমপ্লেক্সের পিনাকল বিল্ডিংয়ের ২১ তলায় তাঁদের ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ এবং তদন্তকারী আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটি মায়ের সঙ্গে শোয়ার ঘরেই ছিল। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানোর জন্য মা পূজা সাদানে ঘরের দরজা-জানলা বন্ধ করছিলেন। ব্যালকনির জানলা বন্ধ করার সময় সাত মাসের দৃশান্ত তাঁর কোলেই ছিল। পুলিশ মনে করছে, সেই সময়ে সম্ভবত মেঝে ভেজা থাকায় কোনোভাবে ভারসাম্য হারিয়ে পূজার কোল থেকে শিশুটি ২১ তলার ব্যালকনি থেকে সোজা নীচে পড়ে যায়। উপর থেকে সজোরে কিছু পড়ার শব্দ শুনে আবাসনের নিরাপত্তারক্ষীরা দ্রুত ছুটে আসেন। শিশুটির মা পূজা সাদানেও তড়িঘড়ি নীচে নামেন, কিন্তু ততক্ষণে সবকিছু শেষ হয়ে গিয়েছিল।
তদন্তকারী এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যালকনির নিরাপত্তা কাচ মেঝে থেকে প্রায় আড়াই থেকে তিন ফুট উচ্চতার ছিল। মা পূজা প্রায় পাঁচ ফুট লম্বা ছিলেন এবং শিশুটিকে কোলে নিয়েই জানলা বন্ধ করতে গিয়েছিলেন। পুলিশ এই ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ আবাসনের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করেছে এবং প্রাথমিকভাবে তাতে অস্বাভাবিক কিছু মেলেনি বলেই দাবি করা হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এবং কোনো গাফিলতি ছিল কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকার মানুষ শোকে ভেঙে পড়েছেন।